সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে প্রায় দুই হাজার দলিলে সাব-রেজিস্ট্রারের (উপনিবন্ধক) সই নেই। এতে জমির মালিকেরা দলিলের অভাবে নামজারিসহ নানা কাজে বিপাকে পড়েছেন।
শহরের মাস্টারপাড়ার কাজী জামালউদ্দিন জানান, তিনি গত বছরের সেপ্টেম্বরে সাতক্ষীরা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে একখণ্ড জমি কেনার একটি দলিল করেছেন। ওই জমির নামজারির জন্য তাঁর দলিলটি প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত তিনি দলিলটি পাচ্ছেন না। একই ধরনের কথা বলেন শহরের পলাশপোল এলাকার আবদুল করিম, পুরাতন সাতক্ষীরার আবুল হোসেনসহ কয়েকজন। তাঁরা জানান, দলিল না থাকায় তাঁরা সেটেলমেন্ট অফিসে তাঁদের নামে জমির অ্যাটাস্টেশন করাতে পারছেন না। এ ছাড়া ওই জমি বিক্রি করতে কিংবা জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিতেও পারছেন না।
সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী দলিল লেখাসহ অন্যান্য কাজ সম্পাদন করার পর সাব-রেজিস্ট্রার ওই দিনই দলিলে স্বাক্ষর করবেন। তিন থেকে সাত দিনের মধ্যে ওই দলিল বালাম বইতে ওঠানো হবে। এরপর প্রয়োজনীয় ফি দিয়ে ওই দলিলের নকল নেওয়া যাবে। এ ছাড়া সাধারণত ১৫ দিন থেকে এক মাস পরে মূল দলিল সরবরাহ করা হয়।
উপনিবন্ধন কার্যালয়ের প্রধান সহকারী গোলাম মাওলা জানান, আ ব ম খায়রুজ্জামান এ কার্যালয় থেকে গত ৬ নভেম্বর জেলার কালীগঞ্জ উপজেলা কার্যালয়ে বদলি হন। তিনি এ কার্যালয়ে থাকাকালে পৃষ্ঠাঙ্কন (অনুমোদনসূচক সই) করার পর প্রায় তিন হাজার দলিলে সই না করে চলে যান। এর মধ্যে ১৬ জানুয়ারি এসে হাজার খানেক দলিলে সই করেন। কিন্তু বাকি দলিলগুলোতে গতকাল শুক্রবার পর্যন্ত সই করা হয়নি। ফলে ২০১৩ সালের ২২ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত আড়াই মাসে নিবন্ধন হওয়া এক হাজার ৮৩১টি দলিল সাব-রেজিস্ট্রারের সইবিহীন অবস্থায় রয়েছে। এসব দলিলের গ্রাহকেরা মূল দলিল কিংবা নকল কোনোটাই পাচ্ছেন না। তিনি আরও জানান, আ ব ম খায়রুজ্জামান বদলির পর ৭ নভেম্বর আ ন ম আবদুন মুজির এ কার্যালয়ে যোগ দেন। আগের দলিল বালাম বইতে না ওঠায় ২০১৩ সালের ৭ নভেম্বর থেকে চলতি বছরেরর ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা দুই হাজার ৯৭৭টি দলিল বালাম বইয়ে ওঠানো যাচ্ছে না।
সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের রেকর্ডকিপার অনুপ ব্যানার্জি জানান, প্রতিদিন দলিল ও নকলের জন্য অনেকে আসেন। কিন্তু দলিলে সাব-রেজিস্ট্রারের সই না থাকায় তিনি কিছুই করতে পারছেন না।
এ ব্যাপারে আ ব ম খায়রুজ্জামান জানান, কাজের চাপের জন্য তিনি দায়িত্বে থাকাকালে বেশ কিছু দলিলে নির্দিষ্ট সময়ে সই করতে পারেননি। ইতিমধ্যে আড়াই হাজার দলিলে সই করে এসেছেন। আরও ৩০০-৪০০ দলিল অবশিষ্ট রয়েছে। শিগগিরই তিনি সেগুলোতে সই করবেন।
আ ন ম আবদুন মুজির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি ২০১৩ সালের ২৭ নভেম্বর লিখিতভাবে জেলা নিবন্ধককে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এর সুরাহা হচ্ছে না।
জেলা নিবন্ধক আবদুল লতিফের সঙ্গে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কথা বলার জন্য তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে ওই কার্যালয়ের প্রধান সহকারী শেখ জমির উদ্দিন জানান, দলিলে সই না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৭ জানুয়ারি নিবন্ধন মহাপরিদর্শক বরাবর চিঠি লেখা হয়েছে। বিষয়টি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।