দুই হাজার পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে পানি ওঠায় উঁচু স্থানে রান্নাবান্নার কাজ করছে একটি পরিবার। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কয়ারপাড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঘরে পানি ওঠায় উঁচু স্থানে রান্নাবান্নার কাজ করছে একটি পরিবার। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কয়ারপাড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কয়েকটি এলাকা এবং পাঁচটি ইউনিয়নের দুই হাজার পরিবারের বাড়িঘরে পানি ওঠায় এসব পরিবারের লোকজন কষ্টে দিন কাটাচ্ছে। এসব এলাকায় মাটির তিন শতাধিক ঘর ধসে পড়েছে। এ ছাড়া ঢলের পানিতে ৩০টি খামারসহ চার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।
উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সূত্র জানায়, উপজেলায় গত তিন দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির তোড়ে গত রোববার রাতে ভোগাই নদীর বাঁধের দুটি স্থানে ভেঙে যায়। এ দুটি স্থান দিয়ে তীব্র বেগে পানি ঢুকে পৌরসভার তিনটি ওয়ার্ডসহ মরিচপুরান, নালিতাবাড়ী, বাঘবেড়, যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নের সাড়ে চার হাজার হেক্টর জমির আমন দুদিন ধরে পানির নিচে রয়েছে। মরিচপুরান ইউনিয়নের পাঁচটি গ্রামসহ উপজেলায় তিন শতাধিক মাটির ঘর ভেঙে গেছে।
গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় গেলে অনেকেই জানান, তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। ভারতে বৃষ্টি হলে ভোগাই নদীতে ঢল নামে। দুদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় এবং নদীর পানি না কমায় এলাকাবাসী বিপাকে পড়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই রান্নাবান্না করতে পারছে না। নিরুপায় হয়ে তাদের মুড়িচিড়া খেয়ে দিন কাটাতে হচ্ছে। মরিচপুরান ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে।
মরিচপুরানের কয়ারপাড় গ্রামের মো. সায়েদ আলী (৫০) বলেন, ‘আমার পাঁচজনের পরিবার, রিকশা চালাইয়া সংসার চলে, ঢলের পানি ঘর থাহুনে তিনডা মাডির ঘর ভাইঙ্গা গেছে। অহন আমরা বিপদের মধ্যে আছি। দুই দিন ধইরা চিড়ামুড়ি খাইয়া কোনো রহম দিন কাডাইতাছি।’
গোজাকুড়া গ্রামের মৎস্য চাষি হজরত আলী বলেন, ‘আমগর ইউনিয়নেই ১৫-২০টি মাছের খামার আছে। ঢলের পানিতে আমার পুকুরের দুই লাখ টাকার মাছসহ সব পুকুরের মাছ পানিতে ভাইসা গেছে।’
মরিচপুরান ইউপি চেয়ারম্যান আয়ুব আলী জানান, পাহাড়ি ঢলে তাঁর এলাকায় দেড় সহস্রাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এ ছাড়া প্রায় দুই শতাধিক মাটির ঘর ধসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, আজকালের মধ্যে পানি সরে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ জানান, পাহাড়ি ঢলে উপজেলার চার শতাধিক পুকুরের প্রায় তিন কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা বলেন, ‘সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য বলা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’
নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি: নেত্রকোনা প্রতিনিধি জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার আটটি উপজেলার বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পূর্বধলা উপজেলার নাটোরপাড় এলাকায় গতকাল একটি বাঁধ পানির তোড়ে ভেঙে গেছে।
এদিকে গতকাল সকাল থেকে দুর্গাপুরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।
গতকাল কাকৈরগড়া ইউনিয়নে শুকনাকুড়ি গ্রামের সিরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি প্রকৃতির ডাকে গিয়ে বন্যার পানিতে পড়ে যান।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সদর উপজেলার খালিয়ারা গাবরাগাতি, মৌগাতি, আমতলা, সিংহের বাংলা, ঠাকুরাকোনা, দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা, কমলাকান্দা উপজেলার লেংগুরা, রংছাতি, খারনৈসহ ছয়টি ইউনিয়ন, পূর্বধলা উপজেলার জারিয়ার, ধলামূলগাঁওসহ বেশ কয়েকটি ইউনিয়ন ও মোহনগঞ্জ, বারহাট্টা, কেন্দুয়া ও মদন উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাউবো নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, সোমেশ্বরী নদীর পানি কমলেও কংস নদীর পানি বিপৎসীমার ২৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, ‘এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এর মধ্যে ৩০ টন চাল, চিড়া, গুড়সহ শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আমরা মাঠেই রয়েছি।