দুই হাজার বোতল ফেনসিডিলসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে দুই হাজার বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শাহীন আলম ও শরীফুল ইসলাম।
চকবাজার থানার পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চকবাজারের বেড়িবাঁধ বালুর মাঠে বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকের বালুর নিচে ও ট্রাকের পেছনের দিকে বালুর পাশে রাখা দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আটক দুজন হলেন ট্রাকের চালক ও সহযোগী। এসব ফেনসিডিল চুয়াডাঙ্গা থেকে রাজধানীর বাবুবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তাঁরা জানিয়েছেন। ওই সময় এসব ফেনসিডিলের মালিক সেখানে থাকলেও পুলিশ বুঝে উঠতে না পারায় তিনি কৌশলে পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।