দুই হাজার মুরগি পুড়ে ছাই
লালমনিরহাট ও মাদারীপুরের শিবচর উপজেলায় গত রোববার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট শহরের উপকণ্ঠে খোড়ারপুলসংলগ্ন শাহীটারী গ্রামে ভাইভাই পোলট্রি ফার্মে আগুন লেগে দুই হাজার ২০০ মুরগিসহ (লেয়ার) খামারের টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা গ্রামে আগুনে ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাটের শাহীটারী গ্রামে রোববার দিবাগত রাত দুইটার দিকে রফিকুল ইসলামের মুরগির খামারে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।এ ব্যাপারে খামারের মালিক রফিকুল ইসলাম সদর থানায় গতকাল সোমবার একটি সাধারণ ডায়েরি করেছেন। জেলা দমকল বাহিনীর টিম লিডার এমদাদুল হক বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’শিবচরের চর বাঁচামারা গ্রামের বাদশাকান্দি এলাকায় খলিল শেখের বাড়িতে রোববার দুপুরে আগুন লাগে। এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দেলোয়ার শেখ, কোহিনুর শেখ, রিজু শেখ, করিম শেখ ও খলিল শেখের ১০টি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আবদুস সামাদ মাদবর (৬০), কোহিনুর (৩০), রিজু মিয়া (২৯), আরিফ (২৮) ও কায়সার মিয়া (২৭) আহত হয়েছেন। আগুনে পাট, রবিশস্য, স্বর্ণালংকার, ৭৩ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামালা পুড়ে যায়। খলিল শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।