দুই হাজার মুরগির বাচ্চা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় দুই হাজার ভারতীয় মুরগির বাচ্চা নিধন করা হয়েছে। গত সোমবার রাতে সদর উপজেলার তেঘরি গ্রাম থেকে একটি ট্রাকসহ বাচ্চাগুলো আটক করে বিজিবি। বাচ্চাগুলো ভারতের কলকাতার দমদম এলাকার ‘ব্র ওয়ান হ্যাচারিতে’ উৎপাদিত বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবির কর্মকর্তারা জানান, সোমবার রাতে তেঘরি গ্রামে বিজিবি অভিযান চালিয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে প্রায় দুই হাজার মুরগির বাচ্চাসহ একটি ট্রাক (চুয়াডাঙ্গা ট ১১-০১০১) আটক করে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। অভিযানে অংশ নেওয়া বিজিবির হাবিলদার ফরহাদ হোসেন জানান, বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ট্রাক থেকে তিনটি ভ্যানযোগে আরও তিন হাজার মুরগির বাচ্চা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, ‘মুরগির বাচ্চাগুলো চোরাইপথে ভারত থেকে আনা হয়েছে। ভারত বর্তমানে বার্ড ফ্লু ঝুঁকিতে থাকায় বাচ্চাগুলো নিধন করা হয়েছে। এ ছাড়া ট্রাক থেকে সরিয়ে নেওয়া বাচ্চাগুলো উদ্ধারে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।’চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম হায়দার জানান, বাচ্চাগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ছাড়া একটি ত্রিপল এবং মুরগিগুলো যে ৪০টি খাঁচায় রাখা হয়েছিল সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার আবদুস সবুর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন। ট্রাকটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে মুরগির বাচ্চা নিধনকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম উপস্থিত ছিলেন।