ঢাকায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট দুই বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার জন্য একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, কিছু ছাত্রের বাগিবতণ্ডার জের ধরে সাউথইস্ট ইউনিভার্সিটির একদল ছাত্র অতর্কিতে প্রাইম এশিয়ার ক্যাম্পাসে ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় প্রাইম এশিয়ার ২০ জন ছাত্র আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।জানতে চাইলে সাউথইস্টের প্রক্টর সৈয়দ ফখরুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাইম এশিয়ার শিক্ষার্থীরাই সাউথইস্টের ক্যাম্পাস ও ছাত্রদের ওপর আগে হামলা করেছে। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় তাঁদের কর্তৃপক্ষও ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তিনি বলেন, সমস্যা সমাধানে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছে। ঘটনার পর দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলেও তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।ওই সংঘর্ষের পর গত শনিবার রাতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় দুই হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার কারণ এবং কারা আগে হামলা করেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। শনিবার দুপুরে প্রাইম এশিয়া ও সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। ঘটনার পর উভয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত পর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। অন্যদিকে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল, মাদক গ্রহণ ও ছাত্রীদের উত্ত্যক্ত করার কারণে এ ঘটনা ঘটে।