দুই হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনকাজ বন্ধ
চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত পরিদর্শনকাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। থানা (উপজেলা) শিক্ষা কর্মকর্তা এবং সহকারী থানা (উপজেলা) শিক্ষা কর্মকর্তার বেশির ভাগ পদ খালি থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এসব বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষা কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হচ্ছে না।
২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল এক হাজার ৬৩৪টি। নতুন করে প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ প্রক্রিয়ার পরে গত বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় দুই হাজার ২০৪টিতে।
পরিদর্শন কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন চৌধুরী বলেন, ‘লোকবল সংকটের কারণে পরিদর্শনকাজ ব্যাহত হচ্ছে। সীমিত লোকবলের মধ্যে সমন্বয় করে কাজ চালাতে হচ্ছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি।’
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, অবসরে যাওয়া, বদলি এবং সাময়িক বরখাস্তের কারণে শিক্ষা কর্মকর্তার সংকট তৈরি হয়েছে। বর্তমানে চট্টগ্রাম জেলার ২০টি থানায় (শহরের ছয়টি থানা ও গ্রামের ১৪টি উপজেলা) সহকারী থানা শিক্ষা কর্মকর্তার ৯৬টি পদের বিপরীতে কাজে নিয়োজিত রয়েছেন ৫৩ জন। খালি রয়েছে ৪৩টি পদ। অপর দিকে ২০টি থানা শিক্ষা কর্মকর্তার পদের জায়গায় কর্মরত আছেন ১৬ জন। বাকি চারটি পদের মধ্যে গত বছরের ডিসেম্বরে একজন অবসরে চলে গিয়েছেন। দুজন চট্টগ্রামের বাইরের জেলায় বদলি এবং একজন চলতি বছরের মার্চ মাসে দুর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।
এদিকে গত তিন বছর ধরে থানা সহকারী শিক্ষা কর্মকর্তার পদগুলো খালি রয়েছে।
সূত্রমতে, নিয়মানুযায়ী প্রতি মাসে জেলা শিক্ষা কর্মকর্তাকে তিনটি ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঁচটি বিদ্যালয় ও দুটি থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করতে হয়। এ ছাড়া থানা শিক্ষা কর্মকর্তাকে পাঁচটি এবং সহকারী থানা (উপজেলা) শিক্ষা কর্মকর্তাকে ১০টি করে বিদ্যালয় পরিদর্শনে যেতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, লোকবল কমে যাওয়ায় এ সময়ের মধ্যে বিদ্যালয় পরিদর্শনকাজ তদারক করা সম্ভব হয়ে ওঠে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশির ভাগ সময়ে বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়।
রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান মোল্লা বলেন, ‘এই উপজেলায় সাতজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদের বিপরীতে মাত্র দুজন কর্মরত আছেন। এ অবস্থায় এক দিনে দুজনকে দিয়ে দাপ্তরিক, প্রশাসনিক কাজ করাতে গিয়েই হিমশিম খেতে হয়। এরপর রয়েছে বিদ্যালয় পরিদর্শনের কাজ।’