দুই হাজার হেক্টর জমির বোরো চাষ হুমকির মুখে
খুলনার দাকোপ উপজেলায় দোয়ানি, কচা ও চরা খাল তিনটি ইজারা দেওয়ায় প্রায় দুই হাজার হেক্টর জমির বোরো চাষ হুমকির মুখে পড়েছে। জমির আইলে বসা চাষি করিম শেখ (৭৫) বলেন, ‘গত বছরে পাঁচ বিঘেই ধান চাষ করিলাম। কিন্তু পানির অভাবে ভালো ধান পাইনি। এ বছরে তাই দুই বিঘেই চাষ করলাম। কিন্তু এবার পানির অভাবে ধান লাল হইয়ে মইরে যাচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, বাজুয়া ইউনিয়নে প্রায় ছয় একর আয়তনের কচা খাল ও চার একর আয়তনের দোয়ানি খাল দুই বছরের জন্য ২৭ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে।দোয়ানি খাল ইজারা নিয়েছেন বটবুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতি, আর কচা খালটি কচা মৎস্যজীবী সমবায় সমিতি। এদিকে চরা খালের ইজারা এ মাসে শেষ হয়েছে। আগামী মার্চ মাসে নতুন করে এই খাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষিকাজের জন্য কৃষকেরা এসব খাল থেকে পানি নিতে পারছেন না। এ বছর কেউ কেউ সামান্য জমি চাষ করেছেন কিন্তু তাঁরা পানি না পাওয়ায় উৎকণ্ঠায় আছেন। আবার অনেকে এ আশঙ্কায় জমি চাষ করেনি। এদিকে বাজুয়া ইউনিয়ন পরিষদ সরকারি খাল ইজারা দেওয়া বন্ধ করার দাবিতে আন্দোলনে নেমেছে।বাজুয়ার কৃষক মো. সাইদুল বলেন, ‘খালগুলো এভাবে ইজারা দিয়ে আমাগের সর্বনাশ কইরে দেছে। আর যারা ইজারা নেছে, তারা ঠিকমতো পানি নিতি দেয় না। আবার যহন-তহন নুনা পানি তুলে দেয়। এতে ফসল মইরে যায়।’ দাকোপের শিক্ষক সত্যজিৎ হালদার বলেন, ‘এই চরা খালটি ইজারা দিলে পাঁচটি গ্রামের প্রায় ১২ শ হেক্টর জমি চাষাবাদে ভীষণ সমস্যা হবে। পানির অভাবে মার্চ-এপ্রিল মাসের তরমুজ চাষে আমাদের খুব সমস্যা হয়।’ কচা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাখন ঘরামি বলেন, ‘আমরা তো কাউকে কোনো সমস্যা করতেছি না। যার যেমন ইচ্ছা তেমনভাবে পানি নেয়। মাছও ধরে তেমনভাবে।’ বাজুয়া ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন বলেন, ‘কৃষকেরা চাষের সময় মিষ্টি পানি নিতে পারে না। এতে প্রায় দুই হাজার হেক্টর জমির চাষাবাদে সমস্যা হচ্ছে। অনেকে এ খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন তারা মাছ ধরতে পারছে না। আমরা বাঁধ দিয়ে মিষ্টি পানি সংগ্রহ করি, তাও এখন করা সম্ভব হচ্ছে না। আমরা খাল তিনটি ইজারামুক্ত করার জন্য আন্দোলন করছি।’দাকোপের ইউএনও আবদুুল হালিম বলেন, ‘কৃষকদের সমস্যা হয়। আমার কাছে লিখিত অভিযোগ দিলে খালের ইজারা বাতিল করব।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘খাল দিয়ে লবণ পানি ওঠালে সমস্যা হয়। লবণ পানি ওঠানোর জন্য আমরা কামারখোলা খালের ইজারা বন্ধ করে দিয়েছি। অন্য তিনটি খালের জন্য কোনো সমস্যা হলে সেগুলোর ইজারা বাতিল করব।’