নোয়াখালীর সোনাই-মুড়ীর অম্বনগর গ্রামে সহকারী পুলিশ সুপারের (এএসপি-বেগমগঞ্জ সার্কেল) গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার রাতে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে সোনাইমুড়ী থানায় এ মামলা করেন। মামলায় অগ্নিসংযোগের ঘটনার পর সোমবার সকালে আটক হওয়া ২০ ব্যক্তির মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এদিকে, গ্রেপ্তার-আতঙ্কের কারণে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অম্বনগর গ্রাম কার্যত পুরুষশূন্য ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অম্বনগর ইউপি কার্যালয়সংলগ্ন বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘পুরো গ্রামের মানুষ তো আর পুলিশের গাড়িতে আগুন দেয়নি। আগুন দিয়েছে হয়তো সুযোগসন্ধানী কয়েকজন। কিন্তু পুলিশ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তল্লাশি চালাচ্ছে। এতে পুরো গ্রামটিই পুরুষশূন্য হয়ে পড়েছে। যার কারণে তাঁরা দোকানপাটও খুলতে পারছেন না।’ সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার বলেন, মামলা হওয়ার পর অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘আমরা চেষ্টা করছি ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কোনো সাধারণ মানুষ যাতে এ ঘটনায় হয়রানির শিকার না হন।’