ভারতের ভেতরে থাকা বাংলাদেশের সাবেক ৫১টি ছিটমহলের বাসিন্দাদের পুনর্বাসনে ভারতের কেন্দ্রীয় সরকার দুই হাজার ৬২৫ কোটি রুপি বরাদ্দ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত মঙ্গলবার কলকাতার একটি বাংলা দৈনিক এই খবর প্রকাশ করেছে।
সাবেক ওই ছিটমহলগুলোর প্রায় ১৫ হাজার বাসিন্দা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। গত ২ আগস্ট আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ থেকে ভারতীয় ছিটমহলের মাত্র ৯৭৯ জন বাসিন্দা ভারতে আসার জন্য আবেদন করায় ছিটমহলবাসীদের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত তিন হাজার আট কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে এসে এখন মাত্র ৫০ কোটি রুপি দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।
ওই খবর প্রকাশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। রাজনাথ সিং জানিয়ে দেন, খবরটি সত্য নয়। কেন্দ্রীয় সরকার সাবেক ছিটমহলবাসীদের পুনর্বাসনের জন্য দুই হাজার ৬২৫ কোটি রুপি মঞ্জুর করেছে। ওই অর্থের মধ্যে ৭৭৪ কোটি রুপি ব্যয় হবে পরিকাঠামো উন্নয়নের জন্য। অবশিষ্ট অর্থ ব্যয় হবে যেসব ছিটমহলবাসী কোচবিহারে আশ্রয় নেবে তাঁদের জন্য।
গত শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল বিনিময়ের পর ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশের ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়।