দুই হাজারের বেশি পুকুর ও ঘের প্লাবিত
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পটুয়াখালীতে ২ হাজার ৩০২টি পুকুর ও চিংড়িঘেরের মাছ ভেসে গেছে। এতে ছয় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, রোয়ানু ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের সময় পটুয়াখালীতে সাগর ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ কারণে সদর উপজেলায় ৪২৫টি, কলাপাড়ায় ৪২০টি, বাউফলে ৪৮০টি, গলাচিপায় ২৭০টি, দশমিনায় ১৫০টি, মির্জাগঞ্জে ১৭২টি, দুমকিতে ২৩৫টি ও রাঙ্গাবালীতে ১৫০টি পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এর ফলে কমপক্ষে ২০ হাজার মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) এস এম আজহারুল ইসলাম বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় ২৪৯ দশমিক ২৩ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ও ৫৬ দশমিক ৫০ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে।