মাদারীপুরের পুরান বাজার যৌনপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর জীবন বাঁচাতে পালিয়ে গেছে পাঁচ শতাধিক যৌনকর্মী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুই হাজারের বেশি ব্যক্তির নামে গত মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
এদিকে গতকাল মঙ্গলবার রাতেই ইসলাহে কওম পরিষদ মাদারীপুর সদরের পুরান বাজারের উত্তরণ ক্লাবে সংবাদ সম্মেলন করে যৌনপল্লিতে হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে।
সংবাদ সম্মেলনে ইসলাহে কওম পরিষদ, মাদারীপুর বণিক সমিতি, সাধারণ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা বলেন, ১৯ মাস ধরে এসলাহে কওম পরিষদ মাদারীপুরের পুরান বাজারের যৌনপল্লি থেকে যৌনকর্মীদের পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদের আন্দোলন করে আসছে। এ নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলাহে কওম পরিষদ ও যৌনপল্লির নেত্রীদের সঙ্গে একাধিক বৈঠক হয়। এমনকি নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গেও কয়েক দফা বৈঠক হয়। কিন্তু যৌনকর্মীরা তাঁদের অবস্থানে অনড় থাকেন। বিষয়টি নিয়ে ইসলাহে কওম পরিষদের নেতারা কঠোর আন্দোলন ও আলটিমেটাম দেয়। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য শহরের বিশিষ্ট ২০ ব্যক্তির সমন্বয়ে একটি কমিটি গঠন করেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, গতকাল বেলা ১১টায় ওই কমিটির সদস্য সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন ভূইয়া, পৌর কাউন্সিলর আক্তার হাওলাদার ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা আক্তার কণাসহ কয়েকজন যৌনপল্লিতে যৌনকর্মীদের সঙ্গে পুনর্বাসনের ব্যাপারে কাউন্সিলিং করতে যান। এ সময় পল্লির লোকজন হামলা চালিয়ে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় দ্রুত পুরান বাজার এলাকায় ছড়িয়ে পড়লে সব ব্যবসায়ী তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে যৌনপল্লিতে হামলা চালান। এ সময় ইসলাহে কওম পরিষদের কোন নেতা-কর্মী উপস্থিত ছিল না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলাহে কওম পরিষদের নেতা আলহাজ্ব বোরহান উদ্দিন খান, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমেদ চৌধুরী, মাদারীপুর বণিক সমিতির সহ-সভাপতি সায়ীদ খান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন ভূইয়া, পৌর কাউন্সিলর মো. আক্তার হাওলাদার, আওয়ামী লীগ নেতা হোসেন উজ্জ্বল, যুবলীগ নেতা জাহিদুল ইসলামসহ শতাধিক ব্যবসায়ী।
হামলা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক প্রত্যক্ষদর্শী যুবক জানান, হৈচৈ শুনে তাঁরা এসে দেখেন আন্দোলনকারীরা যৌনকর্মীদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এরপর রাস্তায় ফেলে মারধর করে টাকা-পয়সা, মোবাইল কেড়ে নিয়ে তাঁদের ইজিবাইকে তুলে দেন। অনেকেই সবকিছু ফেলে জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যান।
যৌনপল্লির নেত্রীরা বলেন, তারা ২০০ বছর ধরে মাদারীপুরের যৌনপল্লিতে বসবাস করে আসছেন। এখানকার অধিকাংশ সম্পত্তি তাঁদের। এ সম্পত্তি জবরদখলের জন্য একটি স্বার্থান্বেষী মহল পাঁয়তারা চালাচ্ছে।
তাঁরা আরও বলেন, গত ১৯ মাস ধরে স্থানীয় ইসলাহে কওম পরিষদ নামের একটি সংগঠন তাঁদের উচ্ছেদের জন্য আন্দোলন করে আসছে। যে কোন সময় তাদের ওপর হামলা হওয়ার আশঙ্কায় পাঁচ শতাধিক যৌনকর্মীর জান-মালের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়। হাইকোর্ট গত ২২ জুলাই থেকে এক বছরের জন্য তাঁদের নির্বিঘ্নে জীবন যাপনের জন্য একটি রুল নিশি জারি করেন। এর অনুলিপি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, জেলা প্রশাসক, মাদারীপুর, পুলিশ সুপার মাদারীপুর এবং মাদারীপুর সদর থানার ওসিকে দেওয়া হয়। তা সত্ত্বেও আকস্মিকভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মারপিট করে তাঁদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন যৌনপল্লির নেত্রীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, যৌনপল্লিতে হামলা, লুটপাট, ভাঙচুর, উচ্ছেদ ও পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত দুই হাজারের বেশি ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ পর্যন্ত দুই দিনে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নূরে আলম (২০), শহিদুল (১৮), সীমান্ত (১৮), সুজন (২০), মিরাজ (২০), ফারুক (২৫), সাইফুল (২৬), আজিজুল (২৫) ও শাহাদােক (১৮) আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী কোন ঘটনা যেন না ঘটে সে জন্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, হাইকোর্টের প্রতি তিনি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাই মানা হবে। যৌনপল্লিতে হামলা, লুটপাট, উচ্ছেদ ও ভাঙচুরের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।