দুই হাজারেরও বেশি আনসার সদস্যকে নিজ বাহিনীতে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে সহযোগী হিসেবে কর্মরত দুই হাজারেরও বেশি আনসার সদস্যকে তাঁদের নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে ৪২টি জেলার পুলিশ সুপারকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হলে গত ৩১ ডিসেম্বর তাঁদের ফেরত পাঠানো হয়।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, প্রয়োজন না থাকায় কিছু আনসার সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।পুলিশের সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি ৪২টি জেলার পুলিশ সুপারদের চিঠি দিয়ে বলা হয়, পুলিশের সঙ্গে অঙ্গীভূত বিশেষ আনসার ও সাধারণ আনসাররা ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশ বিভাগে কর্মরত থাকবেন। ডিএমপির বিশেষ আনসার এবং ট্রাফিক বিভাগে কর্মরত আনসার ছাড়া অন্যদের নিজ বাহিনীতে ফেরত পাঠাতে হবে। ৪২টি জেলায় এ ধরনের দুই হাজার ৩৩১ জন আনসার কর্মরত ছিলেন। সূত্র জানায়, পুলিশের সহযোগী হিসেবে আনসার সদস্যদের নিয়োগের পর তাঁদের ছয় সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়। অঙ্গীভূত আনসারদের দৈনিক ১৮০ টাকা হারে ভাতা এবং আনসার বিভাগ থেকে রেশন দেওয়া হয়। কিন্তু পুলিশ বাহিনী থেকে ফেরত যাওয়া সদস্যরা আনসার থেকে আর কোনো ভাতা বা রেশন পাবেন না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, রাজধানী ঢাকায় বর্তমানে সাড়ে ৫০০ বিশেষ আনসার সদস্য কর্মরত আছেন। পুলিশ সদর দপ্তরের ওই চিঠির পর শেরপুর জেলার অঙ্গীভূত আনসার ও সদর উপজেলার আনসার কোম্পানি কমান্ডার মো. হুমায়ূন কবীর তাঁদের চাকরি বহাল রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তিনি বলেন, শেরপুরে ৯৬ জন অঙ্গীভূত আনসার সদস্য আছেন। চাকরি হারালে তাঁদের জীবনে এবং পরিবারে গভীর হতাশা ও অন্ধকার নেমে আসবে।