সিলেট সিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ব্যবসায়ী সর্দার শামসুল হক ওরফে শাহিন সর্দারের (৪০) শরীরে একাধিক জখম ও দাগ পাওয়া গেছে। দুই হাতের কনুইয়ে সুঁইয়ের মতো দুটো ছিদ্র থাকায় পুলিশের ধারণা অবচেতন করে তাঁকে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের আগে পুলিশের সুরতহাল প্রতিবেদনে দুই হাতে ছোট ছিদ্র, দুই পায়ে আঁচড়ের দাগসহ অন্যান্য চিহ্ন থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা শাহিন সর্দারকে গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাসার (নম্বর ৩৫/৫) তৃতীয় তলার একটি কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে পুলিশকে ঘটনাটি আত্মহত্যা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের একটি আবেদন করা হয়েছিল। পরে মরদেহের শরীরের বিভিন্ন অংশে জখম ও গলায় ফাঁসের চিহ্ন নিয়ে প্রশ্ন ওঠায় রাতেই ওই আবেদন প্রত্যাহার করা হয়। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।হাসপাতাল সূত্র জানায়, ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক শামসুল ইসলাম ও আবদুল হাই মিনারের নেতৃত্বে গতকাল অপরাহে ময়নাতদন্ত হয়। বিকেলে মরদেহ পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে শাহিন সর্দারের জানাজা শেষে দাফন করার কথা পরিবার সূত্র জানায়।যোগাযোগ করলে আবদুল হাই মিনার প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আগামীকাল (শনিবার) তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মরদেহে কপালের বাঁ দিকে থেঁতলানো গোলাকৃতির প্রায় আধা ইঞ্চি দাগ পাওয়া গেছে। নাকে কালচে দাগ রয়েছে। দুই হাতের কনুইয়ের নিচে দুটো বড় সুঁইয়ের ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে। বাঁ হাতের কনুইয়ের নিচে আধা ইঞ্চি প্রস্থ ও দেড় ইঞ্চি দৈর্ঘ্যের একটি কালচে দাগ রয়েছে। দুই পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ছোট আঁচড়ের দাগ রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরিকারী বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাইনউদ্দিন প্রথম আলোকে জানান, এটি হত্যাকাণ্ড হতে পারে।ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। শাহিন সর্দারের মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে তাঁর বাবা সর্দার সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘এটি আত্মহত্যা বলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ঘরের যে জানালার সঙ্গে ছেলের মরদেহ পাওয়া গেছে, সেটি তাঁর উচ্চতার চেয়েও কম। পা মাটিতে লেগে থাকা অবস্থায় গলায় ফাঁস দেবে কেমন করে?’