সিলেট নগরের দুটি হাসপাতালের চত্বরে রেস্তোরাঁ ও দোকানবাণিজ্য চলছে। এতে রোগী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারি হাসপাতাল চত্বরকে এমন বাণিজ্যিক ব্যবহারের বৈধতা বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না।
হাসপাতাল দুটি হচ্ছে সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল।
নগরের ব্যস্ততম চৌহাট্টা এলাকায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালটি অবস্থিত। সদর উপজেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কর্তৃপক্ষ সিভিল সার্জনের কার্যালয় থাকলেও এটির কর্তৃপক্ষ ভিন্ন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ওই হাসপাতালের অধীক্ষক। আগে এটি সিভিল সার্জন কার্যালয়ের অধীনে সিলেট সদর হাসপাতাল ছিল। পরে নাম পাল্টানো হয়। সঙ্গে পাল্টায় এর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বদলের কারণে এ হাসপাতালে যথাযথ নজরদারি হচ্ছে না। যে কারণে হাসপাতাল চত্বরে রেস্তোরাঁ ও দোকানবাণিজ্যের সূত্রপাত হয়েছে বলে প্রশাসন-সংশ্লিষ্টরা মনে করছেন।
গত সোমবার হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেছে, চত্বরের পশ্চিম দিকের পুরোটাজুড়ে ‘নিউ সিটি রেস্তোরাঁ’। দুই দিকে আছে সাইনবোর্ড। তবে হাসপাতালের দিকে সাইনবোর্ডে রেস্তোরাঁ লেখার সঙ্গে ছোট করে আছে ‘শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল (ক্যানটিন) চৌহাট্টা সিলেট’। কোনটা ক্যানটিন আর কোনটা রেস্তোরাঁ, বোঝার উপায় নেই। এ দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আছে আরও দুটি পানের দোকান। রেস্তোরাঁর ব্যবস্থাপক বিক্রম ঘোষ বলেন, বন্দোবস্ত এনে আট বছর ধরে এ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। হাসপাতাল ক্যানটিন হিসেবে ১০ বছরের জন্য ৬০ লাখ টাকায় ইজারা নেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের প্রশাসন বিভাগের প্রধান সহকারী মাহফুজুর রহমান প্রথমে বলেন ইজারা দেওয়া হয়েছে। কী প্রক্রিয়ায় কার কাছে ইজারা দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ইজারা নয়, মাসিক হিসাবে ভাড়া দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি হাসপাতাল অধীক্ষকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান নগরের কাজলশা এলাকায়। ১৯৭৮ সালে ২৫ একর জায়গায় এ হাসপাতালটি গড়ে ওঠে। সিলেট বিভাগের সবচেয়ে বড় এ হাসপাতালে রোগী ও স্বজনদের খাবারদাবারসহ যাবতীয় কেনাকাটা সারতে হাসপাতাল চত্বরে একটি ক্যানটিন আছে। এ ছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ এলাকা ওয়ার্ডেও রয়েছে আরেকটি ক্যানটিন।
এ দুটি ক্যানটিনের বাইরে প্রায় মাসখানেক ধরে জরুরি বিভাগের ফটক লাগোয়া স্থানে এল এ এন ভ্যারাইটিজ স্টোর নামে মুদি দোকান বসানো হয়েছে। গত শনিবার ওই দোকানে গিয়ে জানা গেছে, এটি আগে একটি ব্যাংকের এটিএম বুথ ছিল। সেটি স্থানান্তরিত হওয়ায় সেখানে অস্থায়ীভাবে নিয়ামত উল্লাহ নামের এক ব্যক্তি দোকান দিয়েছেন। নিয়ামতের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অস্থায়ীভাবে এটি করা হয়েছে।
দোকানের পাশে কিছুক্ষণ অবস্থানকালে দেখা গেছে, জরুরি বিভাগের যাওয়ার ছোট ফটক আগে প্রায় ফাঁকা ছিল। দোকান হওয়ার কারণে সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ ক্রেতাদের ভিড় লেগে আছে। আশপাশ এলাকার কয়েকজন স্থায়ী বাসিন্দা বলেন, এ দোকানের কারণে জরুরি বিভাগে যাতায়াতের ফটক দিয়ে ঢুকতে-বেরোতে বিঘ্ন ঘটছে।
দুটি হাসপাতাল চত্বরে রেস্তোরাঁ ও দোকানদারি সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। হাসপাতাল চত্বরসহ ভেতরকার অবস্থা সম্পর্কে অবহিত হচ্ছি। অবৈধ কোনো কিছুই রাখা হবে না।’