দুই 'বিদ্রোহী' ডোবালেন মন্ত্রীর ভাইকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আশফাকুল ইসলামের পরাজয় হয়েছে। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফুল ইসলামের কাছে ১৩ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে হেরে যান। গত শনিবার রাতে ফলাফল ঘোষণার পর থেকে শহরজুড়ে আলোচনার মূল বিষয়—মন্ত্রীর ভাইয়ের পরাজয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা সৈয়দ আশফাকুলের পরাজয়ের কারণ হিসেবে দুই ‘বিদ্রোহী’ প্রার্থী, দলের অভ্যন্তরীণ কোন্দল, মন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতিত্ব এবং দলের শীর্ষনেতাদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করাকে দায়ী করেছেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে জামায়াতসহ ১৯ দল ঐক্যবদ্ধভাবে কাজ করে। নির্বাচনে শরীফুল ৬১ হাজার ৭৯৪ ভোট ও সৈয়দ আশফাকুল ৪৭ হাজার ৯৭৮ ভোট পান। আর আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী পেয়েছেন মোট ১৫ হাজার ৩২৬ ভোট।
জেলা যুবলীগের সদস্য মাহ্মুদ পারভেজ বলেন, প্রশাসনের পক্ষপাতিত্বের জন্য দলীয় প্রার্থী জয়ী হতে পারেননি। কারণ, ভোট ব্যাংক হিসেবে পরিচিত ইউনিয়নগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অযথা অবরোধ সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেন। এতে অনেক ভোটার ভোট দিতে কেন্দ্রে যাননি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, সৈয়দ আশফাকুলের পরাজয়ের অন্যতম কারণ দলীয় কোন্দল ও দুজনের বিদ্রোহী প্রার্থী হওয়া।
ফলাফলের দিকে নজর দিলে আতাউরের বক্তব্যের যৌক্তিকতা প্রমাণিত হয়। নির্বাচনে একজন বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক আনোয়ার কামাল পান নয় হাজার ৯৯৪। অপর ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মফিজ উদ্দিন পান পাঁচ হাজার ৩৩২ ভোট।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান, স্থানীয় সরকারমন্ত্রীর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর। কিন্তু মন্ত্রীর সঙ্গে নেতা-কর্মীদের দেখা-সাক্ষাৎ হয় না। ঢাকায় গিয়েও অনেকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না। তাই নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। এ কারণে তাঁরা ভোটকেন্দ্রে যাননি এবং অনেকে দলীয় প্রার্থীকে ভোট দেননি।
‘দলে অভ্যন্তরীণ কোন্দল তীব্রতর। শীর্ষস্থানীয় নেতারা (রাষ্ট্রপতি, স্থানীয় সরকারমন্ত্রী) কোন্দল শেষ করার কোনো উদ্যোগ নেননি। তাঁদের মধ্যেও দূরত্ব রয়েছে। এসব কারণে নির্বাচনে ইতিবাচক ফলাফল আসেনি।’ বলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা হেলাল উদ্দিন।
এ ব্যাপারে সৈয়দ আশফাকুল বলেন, নির্বাচনে প্রশাসনের নেতিবাচক ভূমিকা তাঁর পরাজয়ের অন্যতম কারণ। কারণ, সদরের যশোদল, দানাপাটুলি, কর্ষাকড়িয়াইল, বৌলাই—এই চারটি ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স রাত থেকে অবস্থান নেয়। একপর্যায়ে তারা গুলি ছোড়ে। তাদের এসব কর্মকাণ্ড দেখে এই চারটি ইউনিয়নের সাধারণ ভোটার ও দলীয় সমর্থকদের অনেকে ভোটকেন্দ্রে যাননি। এতে চারটি ইউনিয়নে ১২ হাজার ভোট পাওয়া থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তিনি আরও বলেন, ১১টি ইউনিয়নের মধ্যে রশিদাবাদ, লতিবাবাদ, মহিনন্দ, মাইজাপন, মারিয়া, চৌদ্দশত এলাকা বিএনপির ভোট ও প্রভাব বেশি। এসব এলাকায় স্ট্রাইকিং ফোর্স না থাকার বিষয়টি রহস্যজনক।
বিজয়ী প্রার্থী শরীফুল বলেন, তাঁর বিজয় আওয়ামী লীগের দমন-পীড়ন নীতির বিরুদ্ধে গণরায়।