মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীকে গতকাল শুক্রবার আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন আহমেদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা বলেন, সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেনকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বহিষ্কারাদেশের লিখিত কোনো কাগজ হাতে পাননি বলে দুই প্রার্থীই জানিয়েছেন।
জালাল উদ্দিন বলেন, ‘জীবনের ৪৫টি বছর আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। এই বহিষ্কারাদেশ সাধারণ নেতা-কর্মীরা মেনে নেবে না।’ তিনি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। একই কথা বলেন সালেহা ইসলাম।