দুই ‘শিবিরকর্মী’ আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের একটি বাড়িতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ধর্মীয় পুস্তিকা, প্রচারপত্র, সিডি ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।আটক দুজন হলেন হায়দারপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে মিরাজ চৌধুরী (২৪) ও রিমন চৌধুরী (২০)। গতকাল রোববার দুপুরে তাঁদের জেলা গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পুলিশের দাবি, তাঁরা শিবিরকর্মী। তবে আটক দুজন বলছেন, তাঁরা শিবিরের রাজনীতি করেন না।সদর থানার পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাত দেড়টায় হায়দারপুর গ্রামের মসজিদপাড়ায় অভিযান চালিয়ে মিরাজ ও রিমনকে আটক করে। অভিযানকালে রিমন নিজেই ঘরে লুকিয়ে রাখা ইতালির তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও দুটি গুলি পুলিশের হাতে তুলে দেন। আর ঘরের ভেতর থেকে ছাত্রশিবিরের নামে চাঁদা আদায়ের রসিদ বই, ধর্মীয় পুস্তিকা, সিডি ও প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।