চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত একটি হত্যা মামলায় দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তবে দুই সাক্ষীই মিছিলে গুলি করার বিষয়ে কিছুই জানেন না বলে আদালতে জানান।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে বলেন, সাক্ষী জামাল খান ও মিলন মিয়া সাক্ষ্যে আদালতকে জানান, ঘটনার দিন তাঁরা নন্দনকানন এলাকায় যার যার কাজে ব্যস্ত ছিলেন। মিছিল যাওয়ার সময় পেছনে দাঁড়িয়ে ছিলেন। গুলির শব্দ শুনলেও কে বা কারা গুলি করেছে তাঁরা জানতে পারেননি।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ১০ আসামির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সেলিম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলাটি বিচারের জন্য এলেও উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ ছিল মামলার কার্যক্রম। পরে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেন।