সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীর প্রচারণার মূল বিষয় হচ্ছে ‘উন্নয়ন’। সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র ১৪ দল-সমর্থিত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান গণসংযোগে তাঁর মেয়াদকালের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। অন্যদিকে ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বিগত চারদলীয় জোট সরকার আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। তাঁর দাবি, গত পাঁচ বছরে চারদলীয় জোট সরকার আমলের উন্নয়নকে ছাড়িয়ে যেতে পারেননি সদ্যসাবেক মেয়র। দুই মেয়রপ্রার্থীর এক সপ্তাহের প্রচারণা পর্যবেক্ষণ করে দেখা গেছে, শুধু ‘উন্নয়নের’ ফিরিস্তি দিয়ে চলছেন তাঁদের নির্বাচনী প্রচারণা। গতকাল রোববার সিলেট নগরের কালীঘাট, আমজাদ আলী রোড ও সিলেট জেলা জজ আদালত এলাকায় গণসংযোগ করেন কামরান। আদাতলপাড়ায় আইনজীবীদের সঙ্গে গণসংযোগকালে তিনি বেশির ভাগ সময় উন্নয়ন নিয়ে কথা বলেন। এ সময় তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘কেউ কেউ বলছেন, সিলেট নগরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি বলব, দৃশ্যমান উন্নয়ন সম্পর্কে তাঁদের কোনো ধারণাই নেই।’ পৌরসভার সঙ্গে সিটি করপোরেশনের তুলনা করতে গিয়ে তিনি বলেন, সিলেট পৌরসভা থাকাকালে সিলেট নগরের রাস্তাঘাট অনেক ছোট ছিল। এখন নগরের প্রধান প্রধান সড়ক অনেক প্রশস্ত। নগরে যানজট অনেক কমেছে। এ ছাড়া তিনি ধোপাদীঘিরপাড়ে বহুতল মাতৃসদন কেন্দ্র নির্মাণ, আম্বরখানা বড়বাজার, ব্রাহ্মণশাসন, তোপখানা ও বাগবাড়িসহ নগরের সাতটি স্থানে নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের কথা উল্লেখ করেন। অন্যদিকে আরিফুল হক গতকাল গণসংযোগে চারদলীয় জোট সরকার আমলে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সুরমা নদীর দুই তীর হয়ে উঠতে পারে অপরূপ সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে বিগত সময় সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মাধ্যমে সুরমাপাড়ের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ তিনিই প্রথম নিয়েছিলেন। সেসব উন্নয়ন এখনো দৃশ্যমান। কিন্তু পরবর্তী সময় সুরমাপাড়ের এক ফুট জায়গারও সৌন্দর্য বৃদ্ধি করা হয়নি। তিনি বলেন, দক্ষিণ সুরমায় নগরবাসীর চিত্তবিনোদনের জন্য একটি পার্কের কাজ শুরু হলেও প্রতিহিংসার কারণে তা বন্ধ রাখা হয়েছে। সিলেটবাসী এসব ভুলেনি।