দুইবার বরাদ্দ এলেও নির্মাণ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পোয়ামারি হাটে (বটতলি) পর পর দুই দফায় এক লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়ার পর দুই বছরেও হাটের শেড নির্মাণের কাজ শেষ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৯ জুলাই পোয়ামারি হাটে ২৭ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত একটি শেড নির্মাণের জন্য স্থানীয় সরকারের রাজস্ব খাত থেকে ৫২ হাজার ৩৩২ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় বড়তারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হোসেন এই নির্মাণকাজ করেন। ওই টাকা দিয়ে তিনি শুধু কয়েকটি পিলার (খুঁটি) নির্মাণ করেন। কিন্তু মেঝে কাজ করার কথা থাকলেও তা করা হয়নি। পরে ২০১০ সালের ৮ মার্চ আবারও ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এবার কাজটি পান বড়তারা ইউপির সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য জাহানারা বেগম। ২০১০ সালের ২০ জুলাইয়ের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু জাহানারা বেগম এবার শেডটির শুধু টিনের ছাউনি নির্মাণ করেন। সরেজমিনে দেখা গেছে, শেডের মেঝেতে গভীর খাদ ও ময়লা-আবর্জনার স্তূপ জমেছে। আশপাশের দোকানিরা জানান, আবর্জনা ও মলমূত্রের নোংরা গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। বাজারের চিকিৎসক জুয়েল হোসেন, মসলা ব্যবসায়ী আবদুস ছালাম, আড়তদার মোসারফ হোসেন ও মাছ ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, ঝড়বৃষ্টির সময় হাটশেড না থাকার কারণে ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। ওই শেডটি চালু হলে দোকানি, খরিদদারসহ সবারই উপকার হবে। ইজারাদার মো. দুলাল হোসেন বলেন, ‘চেয়ারম্যান-মেম্বার বরাদ্দ নিয়ে আসেন। বরাদ্দের টাকায় তাঁরা কী করেন না করেন, তাতে হাটের উন্নয়ন হয় না। এ বছর হাটের ইজারা হয়েছে চার লাখ টাকা। এ ধরনের হাটের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দই বা আসে কত টাকা?’ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন বলেন, ‘হাটশেডের কাজটি অনেক দিনের। ওখানে কী পরিমাণ বরাদ্দ ছিল, তা আমার মনে নেই। আবার বরাদ্দ এলে কাজ সম্পন্ন করা হবে।’ ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, ‘আমার শুধু টিনের ছাউনি দেওয়ার দায়িত্ব ছিল। আমি তা সম্পন্ন করেছি।’উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘দুবার যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তা করা সম্ভব হয়নি। আবার বরাদ্দ এলে কাজ সম্পন্ন করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, বরাদ্দ কম থাকায় সম্ভবত হাটশেডের নির্মাণ কাজ শেষ হয়নি।