দুইবারের কাউন্সিলরের সঙ্গে নতুন প্রার্থীর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক কার্যালয়ের অবস্থান ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে। এখানে রয়েছে ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থাপনা। সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তেমন কোনো আক্ষেপ নেই এলাকাবাসীর। তাঁদের মাথাব্যথা যানজট নিয়ে। এ ছাড়া রাস্তায় ফেলে রাখা ময়লা-আবর্জনা মাঝেমধ্যে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ওয়ার্ডের অনেক জায়গায় রয়েছে সুপেয় পানির সংকটও।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এ ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীও এসব সমস্যার ব্যাপারে জানেন। তাই তাঁদের প্রতিশ্রুতির তালিকায় প্রাধান্য পাচ্ছে এসব সমস্যা। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনও আন্দরকিল্লা ওয়ার্ডের বাসিন্দা।
এই ওয়ার্ড থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাঁচজন। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন দুজন। বাতিল হয় একজনের। তাই শেষ পর্যন্ত লড়াইয়ে থাকলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান কাউন্সিলর জহর লাল হাজারী এবং ২০-দলীয় জোট সমর্থিত মোহাম্মদ শহীদ হোসেন। জহর লাল হাজারী দুইবারের কাউন্সিলর। আর মোহাম্মদ শহীদ হোসেন প্রথমবারের মতো কাউন্সিলর পদে লড়ছেন।
এ ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। মোট ভোটার ১৭ হাজার ২২০ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৪৪ ও নারী ভোটার ছয় হাজার ১৭৬ জন।
গতকাল বৃহস্পতিবার জহর লাল হাজারী বলেন, ‘গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো শতভাগ পূরণের চেষ্টা করেছি। গতবারের মতো এবারও এলাকাবাসী এর মূল্যায়ন করবেন। সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা থাকবে আগামীবার।’
অপর প্রার্থী মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আন্দরকিল্লা ওয়ার্ড সিটি করপোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকার মূল সমস্যা আবর্জনা ও পানির সংকট। নির্বাচিত হলে তিনি এসব সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
নির্বাচনী প্রচারণায় গোটা ওয়ার্ড চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারি গলির বাসিন্দা ও ব্যবসায়ী আশীষ মহাজন বলেন, ‘এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে প্রচুর। বর্তমানে তেমন কোনো সমস্যা নেই। তবে যানজট প্রচুর ভোগান্তির সৃষ্টি করে।’
লালদিঘী এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মাসুম বলেন, আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট পুলিশ বিট, লালদিঘী মোড়ে প্রায় সময় যানজট লেগে থাকে। এতে অনেক সময় নষ্ট হয়। আর লালদিঘীর পাশে দিনের বেলায়ও সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে থাকে।
ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, জনসংখ্যার তুলনায় পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীর সংখ্যা বাড়েনি। গুরুত্বপূর্ণ সব স্থাপনা ও কার্যালয় এখানে হওয়ায় প্রতিদিন লাখো মানুষের আগমন ঘটে। তার পরও নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করার চেষ্টা থাকে। তিনি বলেন, যানজটের বিষয়টি দেখভাল করার দায়িত্ব পুলিশ বিভাগের।