দুইয়ের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌর নির্বাচনে এবার মেয়র পদে দুইয়ের ছড়াছড়ি চলছে। নামের দিক থেকে প্রার্থীদের মধ্যে আছেন দুজন তালুকদার, দুজন মণ্ডল, দুজন রশীদ, দুজন রেজাউল, দুজন ইসলাম প্রভৃতি। আর পেশার দিক থেকে প্রার্থীদের মধ্যে আছেন দুজন ভূমিহীন, দুজন খামারি, দুজন কৃষক, দুজন আড়তদার, দুজন কাউন্সিলর প্রভৃতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মিল-অমিল খুঁজতে গিয়ে এ রকম দুইয়ের সমারোহ খুঁজে পাওয়া গেছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দুই তালুকদার হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার ও পৌর বিএনপির একাংশের সহসভাপতি আনিছুর রহমান তালুকদার। এর মধ্যে তৌফিকুল ইসলাম লড়ছেন দেয়ালঘড়ি এবং আনিছুর রহমান লড়ছেন চশমা প্রতীক নিয়ে। প্রতিদ্বন্দ্বী দুই রেজাউল হলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক ও পৌর বিএনপির অপরাংশের সহসভাপতি রেজাউল করিম। দুই রশীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য মামনুর রশীদ লড়ছেন কাপ-পিরিচ ও স্বতন্ত্র প্রার্থী বজলুর রশীদ লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। দুই মণ্ডল হলেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল ও বিএনপির রেজাউল করিম মণ্ডল। দুই ইসলাম হলেন তৌফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। প্রার্থীদের পেশা ও পদের দিক থেকেও ঘটেছে বেশ কিছু দুইয়ের সমাবেশ। বর্তমান দায়িত্বে থাকা দুজন কাউন্সিলর এবার মেয়র পদে লড়ছেন। তাঁরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা ও রেজাউল করিম মণ্ডল।হলফনামায় স্থাবর সম্পত্তি নেই—এমন উল্লেখ করে মেয়র পদে লড়ছেন দুই ভূমিহীন। তাঁরা হলেন আবদুল আলিম ও বজলুর রশীদ। নিজেদের পেশা ধান-চালের ব্যবসা ও আড়তদারি উল্লেখ করে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৌফিকুল ইসলাম তালুকদার ও মামুনুর রশীদ সরদার। দুই খামারির মধ্যে ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা নিজেকে মাছচাষি এবং বজলুর রশীদ নিজেকে পোলট্রি খামারি উল্লেখ করেছেন। কৃষি পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল আলিম ও রেজাউল হক। নিজেদের দোকান মালিক ও পজিশন ব্যবসায়ী দাবি করে লড়ছেন আনিছুর রহমান ও রফিকুল ইসলাম।