দুখু বাহিনীপ্রধানের ফাঁসি দুই সহযোগীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় আলোচিত তিন সহোদর হত্যা মামলায় জেলার শীর্ষ সন্ত্রাসী দুখু বাহিনীর প্রধান দুখুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাঁর দুই সহযোগীর।
মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুছা গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ৩০ আগস্ট রাতে গাংনীর ধলা গ্রামে স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক, তাঁর দুই ভাই জাহিদুল ইসলাম ও রুহুল আমিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুলের স্ত্রী রেনুকা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। এতে দুখু বাহিনীর প্রধান দুখুকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়। একই বছরের ৩০ নভেম্বর দুখুসহ ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ৪০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
দণ্ড পাওয়া তিনজনের মধ্যে প্রধান আসামি দুখু ও তাঁর সহযোগী আজিমুদ্দীন বর্তমানে ভারতে পলাতক রয়েছেন বলে জানা গেছে। দণ্ডিত অপর সহযোগী চেতন আলী গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর ২৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর বাদীপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রায়ে প্রধান আসামির ফাঁসির আদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কে এম শহিদুল ইসলাম। তবে ২৯ আসামির খালাসের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।