দুখু বাহিনীর হাতে জিম্মি বড় হাওরের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী দুখু বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন কিশোরগঞ্জের বড় হাওরের কৃষকেরা। চলতি বোরো মৌসুমে কৃষকদের ৫০টি সেচযন্ত্র (শ্যালো ইঞ্জিন) চুরি গেছে। এর প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচার দাবিতে সম্প্রতি কৃষকেরা কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এর জের ধরে সন্ত্রাসীরা তিন কৃষককে কুপিয়েছে। সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা বড় হাওরটিকে তাদের অভয়াশ্রম বানিয়ে ফেলেছে।’এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বড় হাওরটি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, করিমগঞ্জ ও নিকলী এই চার উপজেলায় বিস্তৃত। হাওরটিতে ২৫ গ্রামের কৃষকের জমি রয়েছে। প্রতি বছর বর্ষার আগে চাষিরা এই হাওরে বোরো চাষ করেন। এক যুগ ধরে হাওরটি সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শুরুতে নেতৃত্বে ছিল তামসু বাহিনী। তামসু নিহত হওয়ার পর এর নেতৃত্ব চলে আসে দুখু মিয়ার হাতে। দুখু মিয়া ১৫-২০ জন নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে। জমির মালিকেরা হাওরে চাষাবাদ করতে গেলে সন্ত্রাসী বাহিনীকে পাঁচ-সাত হাজার টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে সেচযন্ত্র ছিনতাই ও চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।গত কয়েক দিনে বড় হাওর থেকে আবুল মেম্বারের চারটি, রমজান আলীর তিনটি সেচযন্ত্র চুরি যায়। এ ছাড়া হারুন মিয়া, রফিক মিয়া, সামসুদ্দিন, ইউপি সদস্য আবুল বাশার পাঠান ও হারুন পাঠানের দুটি করে এবং ঝিনু, রুস্তম আলী, সাহাবুদ্দিন, হাছু মিয়া, দয়াল মিয়া, মেলু মিয়া ও দুলুর একটি করে সেচযন্ত্র চুরি গেছে।একের পর এক চুরির প্রতিবাদে ৩ ও ৪ মার্চ কটিয়াদীর পুরুরা ও সুতী বাজারে পৃথক দুটি সমাবেশ হয়। এতে সিদ্ধান্ত হয়, সন্ত্রাসীদের ধরে থানায় সোপর্দ করা হবে।বাবুল মিয়া নামে এক কৃষক জানান, ‘জমিতে পানি দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে ধাওয়া করে। জীবন নিয়ে পালিয়ে আসি।’ রুস্তম আলী বলেন, ‘দুখু বাহিনীর ব্যাপারে থানা পুলিশকে জানিয়েছি।’ নোয়াবাড়িয়া গ্রামের নুরুজ্জামান বলেন, ‘এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ভয়ে কেউ প্রতিবাদ বা মামলা করার সাহস পায় না।’এদিকে সন্ত্রাসীদের তাণ্ডবে হাওরের জমিতে যেতে না পেরে ৫ মার্চ পুরুরা নতুন বাজারে কয়েক শ কৃষক বিক্ষোভ মিছিল করেন। ওই দিন ও এর পরের দিনই সন্ত্রাসীরা হাতখোলা গ্রামের অহিদ (৫০), পুরুরা গ্রামের ইসমাইল (৩০) ও মাহমুদপুর গ্রামের রুবেলকে (২৫) কুপিয়ে আহত করে।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, ‘আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে দুখু বাহিনীর সদস্য রাসেল ওরফে রসুলকে গ্রেপ্তার করেছি। তা ছাড়া চার উপজেলার সমন্বয়ে যৌথ একটি অভিযান চালানো হবে। কৃষকেরা যাতে নির্ভয়ে জমিতে চাষাবাদ করতে পারেন, সে ব্যবস্থা আমরা নিয়েছি। হাওর অঞ্চলে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।’