খাদ্যে স্বনির্ভর হতে চলার পাশাপাশি দুগ্ধ উৎপাদনেও বাংলাদেশ অচিরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। সম্ভাব্য সেই শ্বেত বিপ্লবের ক্ষেত্রে বাংলাদেশের মডেল হচ্ছে ভারতের ‘আমুল’। ভারত সফররত বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত বৃহস্পতিবার এই কথা বলেন।
পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলায় ৬৯ বছর আগে যে সমবায় গড়ে উঠেছিল, ‘আমুল’ নামে আজ তা সারা পৃথিবীর বিস্ময়। ৩৬ লাখ মানুষ, যাঁদের অধিকাংশই একটি-দুটি গরুর মালিক, তাঁরা এই সমবায়ের অংশীদার, যার বার্ষিক বাণিজ্যের পরিমাণ সাড়ে ৩ বিলিয়ন ডলারেরও বেশি। এই ‘আমুল’কেই মডেল করে প্রায় তিন বছর ধরে বাংলাদেশ সরকার দেশের দুগ্ধ সমবায় আন্দোলনকে জোরদার করে তুলতে চাইছে। খন্দকার মোশারফের কথায়, ‘যা গ্রামীণ বাংলাদেশের ছবিটা অচিরে বদলে দেবে।’
লাইভলিহুড এশিয়া শীর্ষ সম্মেলনের বিশেষ অতিথি হয়ে খন্দকার মোশাররফ নয়াদিল্লি এসেছেন। সম্মেলনের পৃষ্ঠপোষক ব্র্যাক এবং বাংলাদেশ এই বছরের ফোকাস কান্ট্রি।
গ্রাম উন্নয়নমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: খন্দকার মোশাররফ হোসেন গতকাল শুক্রবার সকালে ভারতের গ্রাম উন্নয়নমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করেন। এ সময় গ্রামীণ জীবন, জীবিকা ও মানবসম্পদের সার্বিক উন্নয়ন নিয়ে কথা হয়।