দুগ্ধ খামারিদের এখন পথে বসার উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা হরতাল আর অবরোধের মতো কর্মসূচিতে দেশের দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহব্যবস্থা এখন গভীর সংকটে। হরতাল-অবরোধে এখন পথে বসার উপক্রম সাধারণ দুগ্ধ খামারিরা। তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

একই সঙ্গে বড় অঙ্কের লোকসান গুনছে সরকারি সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটাও। প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ প্রতিদিন সোয়া দুই কোটি টাকা।

মিল্ক ভিটা সূত্রে জানা গেছে, পাবনার বাঘাবাড়ী কারখানার আওতায় দেশে এ প্রতিষ্ঠানের ৩০টি দুগ্ধ ক্রয়কেন্দ্র এবং ৩০টি দুগ্ধ শীতলীকরণ প্রকল্প রয়েছে। আবার ক্রয়কেন্দ্রগুলোর অধীনে রয়েছে এক হাজার ৩২৫টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি। এসব সমিতির সদস্য প্রায় ৩০ হাজার। ক্রয়কেন্দ্রগুলো থেকে দৈনিক এক লাখ ৭৫ হাজার লিটার তরল দুধ সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং রংপুর বিভাগ থেকে সিংহভাগ দুধ (এক লাখ ৬০ হাজার লিটার) সংগৃহীত হয়ে থাকে।

সূত্র আরও জানায়, হরতাল-অবরোধের কারণে তরল দুধ ঢাকায় সরবরাহ করা বন্ধ থাকে। পাশাপাশি রয়েছে সংরক্ষণাগারের যথেষ্ট অভাব। এ অবস্থায় হরতাল-অবরোধের মতো দিনগুলোতে মিল্ক ভিটার ক্রয়কেন্দ্রে দুধ কেনা বন্ধ রাখা হয়। এ সময় সমিতির সদস্যসহ সাধারণ খামার মালিকেরা প্রতি লিটার ৪২ টাকার পরিবর্তে কম দরে দুধ বিক্রি করতে (স্থানীয় বাজারে) বাধ্য হন। এতে লিটারে তাঁদের লোকসান গুনতে হয় গড়ে ২৭ টাকা।

মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনির হাসান চৌধুরী বলেন, ‘হিসাব করে দেখা গেছে, হরতাল-অবরোধে প্রতিদিন খামারিদের গড়ে সোয়া কোটি, মিল্ক ভিটার নিজস্ব ৭৫ লাখ এবং পণ্য পরিবহন বাবদ ২৫ লাখ মোট সোয়া দুই কোটি টাকার ক্ষতি হয়। আবার রাজধানী ও অন্য জেলাগুলোতে থাকা প্রায় ১০ লাখ শিশু ও বয়স্ক ভোক্তাও বঞ্চিত হয় এ সুষম খাদ্য থেকে।’

অনুসন্ধানে জানা গেছে, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল গড়ে উঠেছে। এ অঞ্চলের লক্ষাধিক খামারে প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এখানে মিল্ক ভিটা ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান আড়ং দুধ, প্রাণ, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ অন্য প্রতিষ্ঠানের দুধ সংগ্রহকেন্দ্র গড়ে উঠেছে। সংগৃহীত দুধ প্রক্রিয়াজাতের পর সারা দেশে সরবরাহ করা হয়। এসব প্রতিষ্ঠানের ওপরই মূলত এ অঞ্চলের দুগ্ধশিল্প নির্ভরশীল বলে প্রতিষ্ঠানগুলো দুধ নেওয়া বন্ধ রাখলে বা কমিয়ে দিলে খামারিরাও পড়ে যান বিপাকে।

রেশমবাড়ী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আবদুস সামাদ জানান, তাঁর সমিতির সদস্যরা প্রতিদিন ১৫ হাজার লিটার দুধ উৎপাদন করেন। হরতাল-অবরোধে স্থানীয় বাজারে ২৭ টাকার মতো কম দামে দুধ বিক্রি করলেও গোখাদ্যের খরচ ঠিকই থাকে।

কয়েকটি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এ অঞ্চলের সংগ্রহকেন্দ্রগুলোতে যে সংরক্ষণাগার রয়েছে, তাতে খুব বেশি দুধ রাখা যায় না। এ জন্য প্রতিদিনই সংগৃহীত দুধ ঢাকার প্রধান কারখানায় পাঠাতে হয়। কোনো কারণে পাঠানো না গেলে দুধ সংগ্রহও বন্ধ রাখতে হয়। তবে, চলমান হরতাল-অবরোধে চরম ঝুঁকি নিয়ে গভীর রাতে ঢাকায় দুই-একটি গাড়িতে করে দুধ পাঠানো হচ্ছে।

প্রাণ ডেইরি মিল্কের পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শরীফ উদ্দিন তরফদার বলেন, ‘গত এক মাসে আমাদের চারটি দুধবাহী গাড়ি ভাঙচুর হয়েছে। এর পরও আমরা দুধ সংগ্রহ করছি। তবে স্বাভাবিক অবস্থায় এ অঞ্চল থেকে যেখানে প্রতিদিন এক লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়, অবরোধে সেখানে ৭৫ থেকে ৮০ হাজার লিটার দুধ সংগ্রহ করা হচ্ছে।’

সাঁথিয়ার সোনাতলা বাজারে গত শনিবার দুধ বিক্রি করতে আসেন খামারি আবদুর রউফ। তিনি বললেন, ‘প্রাণ ডেইরি আজ দুধ না নেওয়ায় বাজারে দুধ বিক্রি করতে এসেছি। প্রাণে প্রতি লিটার ৩৮-৪০ টাকায় দুধ বিক্রি করতে পারলেও বাজারে দুধ বিক্রি করতে হয়েছে ২৮ টাকায়।’

বাঘাবাড়ী প্রামাণিকপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির ব্যবস্থাপক (মিল্ক ভিটা) কেসমত আলী বলেন, ‘আমার সমিতিতে ৫০ জন খামারি আছেন। মিল্ক ভিটায় আমরা প্রতিদিন ৩০০ লিটার দুধ দিই। হরতাল-অবরোধে মিল্ক ভিটা দুধ নেওয়া বন্ধ কইর‌্যা দেয়। তখন প্রায় অর্ধেক দামে বাজারে নিয়া সেই দুধ বেচা লাগে। এমনিতেই খামারিগরে অবস্থা ভালো না। হরতাল-অবরোধের জন্য আমাগরে পথে বসার দশা হইছে।’