দুগ্ধ খামারিদের মুখে স্বস্তির হাসি
পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ খামারিদের কাছে মার্চ থেকে জুন পর্যন্ত চার মাস আতঙ্কের সময়। বিগত কয়েক বছরে চাহিদা কমে যাওয়ার অজুহাত দেখিয়ে এ সময়টাতে ক্রেতাপ্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ কেনা কমিয়ে দিয়েছিল। এতে খামারিরা খোলা বাজারে পানির দরে দুধ বেচতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এবার সেই অবস্থা নেই।
খামারিদের এখন আর দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে ধরনা দিতে হচ্ছে না। উল্টো ক্রেতাপ্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে নিয়মিত দুধ নিচ্ছে। দুধের দামও লিটারপ্রতি দুই টাকা বাড়িয়ে দিচ্ছে।
পাবনার সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের খামারি ও দুধ ব্যবসায়ী আবদুর রউফ বলেন, বর্তমান দামে খামারিরা খুশি। প্রতিষ্ঠানগুলোও খামারিদের কদর দিচ্ছে। খামারিদের দুঃসময় মনে হয় দূর হতে চলেছে।
জানা গেছে, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল। এ অঞ্চলে হাজার হাজার খামারে প্রতিদিন উৎপাদিত হয় প্রায় পাঁচ লাখ লিটার দুধ। এ দুধের সিংহভাগই মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ ডেইরি, ফার্ম ফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি প্রতিষ্ঠান কিনে প্রক্রিয়াজাত করে থাকে।
বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় খামারিরা বলেন, বছরের মার্চ থেকে জুন পর্যন্ত সময় খামারিদের কাছে দুঃসময়। কারণ, সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো বছরের অন্য সময় ঠিকমতো দুধ সংগ্রহ করলেও এ সময় কেনা কমিয়ে দেয়। আর এ সময় বেশির ভাগ খামারে দুধের উৎপাদনও বেড়ে যায়। ফলে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়তেন খামারিরা। তাই দুধ বেচতে না পেরে ক্ষোভে একাধিকবার মহাসড়কে দুধ ঢেলে খামারিরা প্রতিবাদ জানিয়েছিলেন। প্রতিষ্ঠানগুলো যাতে দুধ কেনা বন্ধ না করে এবং উৎপাদিত দুধের দাম প্রতি লিটার কমপক্ষে ৪২ টাকা দেওয়া হয়—এ দাবি জানিয়ে আসছিলেন খামারিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাস দেড়েক আগেও প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে গড়ে ৪০ টাকা ২৫ পয়সা লিটার দরে দুধ কিনত। এখন তারা খামারিদের গড়ে প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৪২ টাকা ২৫ পয়সা। এ ছাড়া দুধ সংগ্রহের পরিমাণও তারা বাড়িয়েছে।
প্রাণ ডেইরির সহকারী মহাব্যবস্থাপক (পাবনা-সিরাজগঞ্জ) শরীফউদ্দিন তরফদার বলেন, ‘গত বছর আমরা এ এলাকা থেকে এই সময় প্রতিদিন গড়ে ৪০ হাজার লিটার দুধ সংগ্রহ করেছি। এবার সংগ্রহ করছি প্রতিদিন ৮০ হাজার লিটার।’
আড়ং দুধের এলাকা ব্যবস্থাপক (সাঁথিয়া-বেড়া) নির্মল নট্ট বলেন, ‘অন্যান্য বছর এ সময় দুধের চাহিদা কমলেও এবার বেড়েছে। এ কারণে আমরা সম্প্রতি দুধের সংগ্রহমূল্য লিটারে দুই টাকা বাড়িয়েছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বিদেশ থেকে আমদানি করা গুঁড়া দুধের দাম বেড়ে যাওয়ায় তরল দুধের চাহিদা বেড়েছে। দুগ্ধশিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, দেশীয় দুগ্ধশিল্পের স্বার্থে সরকার গত বছরগুলোতে আমদানি করা দুধের শুল্ক বাড়িয়েছে। পাশাপাশি দেশীয় দুগ্ধশিল্পের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রগুলোতে শুল্ক কমিয়েছে।
শরীফউদ্দিন তরফদার বলেন, বিদেশি গুঁড়া দুধের পরিবর্তে দেশে এখন দেশি দুধের চাহিদা বেড়েছে। এর পেছনে সরকারের শুল্ক হ্রাস-বৃদ্ধিসংক্রান্ত কিছু ইতিবাচক পদক্ষেপও ভূমিকা রেখেছে।