দুগ্ধ খামারিরা বিপাকে
টানা অবরোধে পঞ্চগড়ে দুধ বিক্রি কমে গেছে। ৪৫ টাকা লিটারের দুধ ২৫ টাকাতে কেউ কিনছেন না। মিল্ক ভিটাও দুধ কিনছে না। ফলে দাম ও দুধ বিক্রি কমে যাওয়ায় জেলার ১৯টি সমবায় সমিতির প্রায় ৪০০ খামারি বিপাকে পড়েছেন।
কয়েকজন দুগ্ধ খামারি জানান, অবরোধের কারণে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র ৭ জানুয়ারি থেকে দুধ কেনা বন্ধ করে দেয়। ফলে জেলার ১৯টি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ৪০০ সদস্য উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন। ওই কেন্দ্রটি চালু থাকলে প্রতি লিটার দুধ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি করতে পারতেন। এখন তাঁরা বাজারে ২৫ টাকা লিটারেও দুধ বিক্রি করতে পারছেন না।
পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জালাসী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি সাজেদুর রহমান জানান, তাঁর সমিতির অধীনে ৪৫ জন সদস্য প্রতিদিন ৩৫০ লিটার দুধ উৎপাদন করেন। এই দুধ পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে ৪০ থেকে ৪৫ টাকা লিটার দরে বিক্রি করতেন। কিন্তু ৭ জানুয়ারি থেকে এই কেন্দ্র দুধ কেনা বন্ধ করে দিয়েছে। ফলে বাজারে দুধ বিক্রি হচ্ছে না। এসব দুধ সংরক্ষণেরও কোনো সুযোগ নেই। বাজারে ২৫ টাকা লিটারেও বিক্রি করতে পারছেন না। তাই খামারিরা উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন। অনেক খামারি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। দুধ বিক্রি করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারছেন না তাঁরা। বাধ্য হয়ে অনেকে আবার দুধ দোহানো বন্ধ করে দিয়েছেন।
মিল্ক ভিটার পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম রাশেদ জানান, এই কেন্দ্রে জেলার ১৯টি সমবায় সমিতির প্রায় ৪০০ সদস্য প্রতিদিন দেড় হাজার লিটার দুধ সরবরাহ করেন। গুণগত মান অনুযায়ী প্রতি লিটার দুধ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি করেন। কিন্তু অবরোধের কারণে প্রধান কার্যালয় থেকে দুধ কেনা বন্ধ রাখতে বলেছে। নিরাপত্তা না থাকায় দুধবাহী গাড়ি আসছে না। তাই ৭ জানুয়ারি থেকে দুধ কেনা বন্ধ রাখা হয়েছে।