দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের যন্ত্র নষ্ট, বিপাকে খামারিরা
দুগ্ধ শীতলীকরণ যন্ত্র নষ্ট হওয়ায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) ঠাকুরগাঁওয়ের শীতলীকরণকেন্দ্রে এক মাস ১০ দিন ধরে দুধ কেনা বন্ধ রয়েছে। এতে জেলার ১২টি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির অধীনে ৪০০ খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দুগ্ধ শীতলীকরণকেন্দ্র ও স্থানীয় খামারি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ এপ্রিল ঠাকুরগাঁও শহরের ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সামনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন দুগ্ধ শীতলীকরণকেন্দ্রটি চালু হয়। মিল্কভিটার নিবন্ধিত সমিতি হিসেবে খামারিরা তখন থেকে কেন্দ্রে দুধ বিক্রি শুরু করেন। শুরু থেকে কেন্দ্রটি খামারিদের কাছ থেকে প্রতিদিন গড়ে দুই হাজার লিটার দুধ সংগ্রহ করছে। দুধের ঘনত্ব অনুযায়ী প্রতি লিটার দুধের জন্য ৪০-৪৫ টাকা পেতেন খামারিরা।
কেন্দ্রের দুগ্ধ শীতলীকরণ যন্ত্রটি (ফার্ম কুলার) গত ২০ সেপ্টেম্বর নষ্ট হয়ে যায়। এ কারণে কর্তৃপক্ষ খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন খামারিরা। সময়মতো দুধ বিক্রি করতে না পেরে অনেক খামারির দুধ নষ্ট হয়ে যাচ্ছে।
শীতলীকরণকেন্দ্রটি চালু হওয়ার পর থেকে সদর উপজেলার গড়েয়া এলাকার শামসুল আলম ওই কেন্দ্রে প্রতিদিন গড়ে ৪০০ লিটার দুধ সরবরাহ করতেন। তিনি বলেন, শীতলীকরণকেন্দ্রটি বন্ধ হওয়ার পর থেকে তাঁকে দুধ বিক্রির জন্য মানুষের পেছনে পেছনে ঘুরতে হচ্ছে। অনেকটা জোরাজুরি করে শহরের মিষ্টির দোকান ও হোটেলে লোকসানে দুধ বিক্রি করছেন তিনি।
সদর উপজেলার বেগুরবাড়ি ভোপলা গ্রামের দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য নূর ইসলাম বলেন, ‘এনজিওর কাছ থেকে ঋণের টাকায় খামার করেছিলাম। এখন দুধ বিক্রি করতে পারছি না। এনজিওর কিস্তি, খামারের খরচ, সংসারের খরচ জোগাতে গিয়ে চোখে অন্ধকার দেখছি।’
বালাপাড়া গ্রামের দুগ্ধখামারি সিদ্দিক হোসেন বলেন, ‘দুধ বেচার টাকা দিয়ে আমার সংসার চলে। এখন দুধ বিক্রি করতে না পেরে সংসার চালাতে কষ্ট হচ্ছে।’
দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. কামরুজ্জামান বলেন, দুগ্ধ শীতলীকরণকেন্দ্র দুধ কেনা বন্ধ করায় এখন খামারিদের বিপুল পরিমাণ দুধ অবিক্রীত থেকে যাচ্ছে। মিল্ক ভিটার সদস্য হওয়ায় অন্য প্রতিষ্ঠানও এসব খামারির কাছ থেকে দুধ কিনছে না। ফলে দিশেহারা খামারিরা কেউ কেউ শহরে ফেরি করে কম দামে দুধ বিক্রি করছেন। ফেরি করে ১ লিটার দুধ বিক্রি করে ২৫-৩০ টাকার বেশি মিলছে না। অথচ প্রতি লিটার দুধের উৎপাদন খরচই বর্তমানে প্রায় ৩০ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে শীতলীকরণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া এহতেশান বলেন, এই কেন্দ্রের অধীনে ১২টি সমিতির ৪০০ জন খামারির কাছ থেকে প্রতিদিন গড়ে দুই হাজার লিটার দুধ সংগ্রহ করা হতো। কিন্তু কেন্দ্রের দুগ্ধ শীতলীকরণ যন্ত্রটি নষ্ট হওয়ায় দুধ কেনা বন্ধ রয়েছে। নতুন যন্ত্র স্থাপন করা হলে এ সংকট কেটে যাবে, পাশাপাশি খামারিদের কাছ থেকে আরও বেশি পরিমাণ দুধ সংগ্রহ করা যাবে।