‘খাদ্য নিরাপত্তা ও জীবন-জীবিকা উন্নয়নে দুগ্ধশিল্প’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী আন্তর্জাতিক দুগ্ধবিষয়ক (ডেইরি) সম্মেলন ও ডেইরি মেলা আজ শনিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হচ্ছে। এতে বিশ্বের ১৬টি দেশের পাঁচ শতাধিক বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও খামারিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে আটটি কারিগরি অধিবেশনে মোট ৫৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হবে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মেলা প্রাঙ্গণে সম্মেলন কমিটির এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হয়।কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডলের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন কমিটির সচিব অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দিন। এতে বলা হয়, আজ শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।সম্মেলনে আমেরিকা, কানাডা, সুইডেন, ভারত, নেপাল, বেলজিয়াম, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, তিউনিশিয়া, তানজানিয়া, উরুগুয়ে, কোরিয়া ও বাংলাদেশের পাঁচ শতাধিক বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও খামারিরা উপস্থিত থাকবেন।