বরগুনার বেতাগী উপজেলার মাছুয়াখালী গ্রামের রীনা বেগম (৪০) নামের এক গৃহবধূ পাঁচ মাস ধরে হত্যা মামলায় দুগ্ধপোষ্য শিশুসহ হাজত খাটছেন। মামলার আসামি হওয়ায় তাঁর স্বামী আ. মন্নান ও মেয়ে লাকী বেগম পালিয়ে বেড়াচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়া গ্রামের মকবুল হোসেনের স্ত্রী রওশন আরা বেগম গত বছরের ২০ নভেম্বর নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। এই স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক মৃত্যু দাবি করে মকবুলের ছেলে মো. বশির হাওলাদার বাদী হয়ে গত বছরের ২০ নভেম্বর বেতাগী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী আ. মন্নান, তাঁর স্ত্রী রীনা বেগম ও মেয়ে লাকী বেগমকে আসামি করা হয়। মামলার দিনই দুগ্ধপোষ্য ছেলে মো. মোস্তফাসহ (৩) রীনা বেগমকে গ্রেপ্তার করে বেতাগী থানার পুলিশ। মন্নান অভিযোগ করেন, মৃত রওশন আরার স্বামী মকবুল হোসেন ও তাঁর ভাই তোকাব আলীর সঙ্গে জমিজমা নিয়ে তাঁর বিরোধ চলে আসছিল। এর জের ধরে এই মিথ্য মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, ঘটনার দিন আসামিদের (মন্নান ও তাঁর স্ত্রী রীনা বেগম, মেয়ে লাকী বেগম) এলোপাতাড়ি মারধরে তাঁর (বাদীর) মা রওশন আরা বেগম (৪৫) অজ্ঞান হয়ে পড়েন এবং এর কিছুক্ষণ পর মারা যান। বেতাগী থানার পুলিশ এ অভিযোগ পেয়ে মৃত রওশন আরার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে লাশের ময়নাতদন্তের পর গত বছরের ২৭ ডিসেম্বর বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে রওশন আরা বেগমের হূৎপিণ্ড ও ফুসফুস পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ রওশন আরা বেগমের হূৎপিণ্ড ও ফুসফুস পরীক্ষা-নিরীক্ষার পর বিভাগের প্রধান গত ৬ ফেব্রুয়ারি যে প্রতিবেদন দেন, তাতে উল্লেখ করা হয়, ‘বাটিকেলে কোনো সমস্যা নেই। কোনো দুষ্কৃত দ্বারা তাঁর (রওশন আরা) মৃত্যু হয়নি। আঘাতজনিত কারণে বা বিষ প্রয়োগে তাঁর মৃত্যু হয়েছে—কোনোটাই পরিলক্ষিত হয়নি (ভিসেরা প্রতিবেদন নম্বর-২৫১, তারিখ ৬.২.১১)।’ রওশন আরার স্বাভাবিক মৃত্যু হয়েছে—প্রতিবেদনে এমন কথা উল্লেখ করার পর প্রতিবেদনটি বেতাগী থানায় এলেও পুলিশ চূড়ান্ত প্রতিবেদন না দেওয়ায় রীনা বেগম ও তাঁর দুগ্ধপোষ্য ছেলে এখনো জেল খাটছে। মামলার তদন্ত কর্মকর্তা ও বেতাগী থানার উপপরিদর্শক জাকির হোসেন ভিসেরা প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘মামলার তদন্তের ক্ষেত্রে মেডিকেল রিপোর্টই প্রধান নয়। এখনো পারিপার্শ্বিক অবস্থা তদন্ত করিনি। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।’ বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বরগুনা প্রতিনিধি ও জেলা আইনজীবী সমিতির সদস্য সেলিনা আক্তার বলেন, ‘কারও মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক, তার কারণ নির্ণয়ের ও প্রমাণের একমাত্র পথ হচ্ছে ভিসেরা প্রতিবেদন। এখন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিলেই আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে বিষয়টি মানবিক হওয়ায় তদন্ত কর্মকর্তার উচিত, এ ব্যাপারে দীর্ঘসূত্রতা না করা।’