ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধানমন্ত্রী
দুগ্ধশিল্প উন্নয়নে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসুন

দুগ্ধশিল্পের উন্নয়নের মাধ্যমে সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টায় সহযোগিতা দেওয়ার জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পাঁচ শতাংশ সুদে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দুধ উৎপাদনে দেশকে স্বনির্ভর করে তোলা এ কর্মসূচির লক্ষ্য। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, দেশে এখনো বাণিজ্যিক ভিত্তিতে বড় আকারে দুগ্ধখামার তেমন গড়ে ওঠেনি। তাই খামারিদের শ্রম কাজে লাগিয়ে দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদের প্রজাতি উন্নয়নের কোনো বিকল্প নেই। গাভি পালন ও দুধ উৎপাদনে প্রান্তিক খামারিদের আরও উৎসাহিত করতে হবে।
প্রধানমন্ত্রী দুগ্ধজাত পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ওপর গুরুত্বারোপ করেন। হালাল মাংস রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা হালাল মাংস প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে পেছনে পড়ে রয়েছি। কিন্তু আমরা আমাদের বিস্তীর্ণ চর ও পাহাড়ি এলাকায় গরুর পাশাপাশি মহিষ ও ভেড়া পালন করতে পারি।’
পাঁচ শতাংশ সুদে ঋণ বিতরণ কর্মসূচির অধীনে আগামী পাঁচ বছরে দুধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন-প্রক্রিয়ায় কৃষকদের ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। সর্বোচ্চ চারটি বাছুর পালনের জন্য প্রত্যেক চাষি দুই লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। সুদসহ ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা ১৪ মাসের রেয়াতি সুবিধাসহ সর্বোচ্চ ৫৪ মাস সময় পাবেন। ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ শতাংশ হারে এই ঋণ লাভের সুযোগ দেবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ বিভাগের এ আয়োজনে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্মসূচির সুবিধাভোগী ১৩ জনের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।