দুগ্ধশিল্পকে হরতালের আওতামুক্ত রাখার দাবি
উৎপাদিত দুধের একটা অংশ অবিক্রীত থেকে যাওয়ায় খামারিদের এমনিতেই লোকসান গুনতে হচ্ছে; তার ওপর বারবার হরতালে তাঁদের লোকসানের পাল্লা ভারী হয়ে চলেছে। এ কারণে খামারিদের সঙ্গে সঙ্গে দুধ ব্যবসায়ী ও দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানসহ দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত সবাই হরতালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় দুগ্ধশিল্পকে হরতালের আওতামুক্ত রাখার জোর দাবি উঠেছে।জানা যায়, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুধ উৎপাদনকারী অঞ্চল। এ অঞ্চলে রয়েছে লক্ষাধিক খামার। প্রতিদিন উৎপাদিত হয় প্রায় পাঁচ লাখ লিটার দুধ। উৎপাদিত দুধ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে। এসব প্রতিষ্ঠান দুধ সংগ্রহ কমিয়ে দিলে বা বন্ধ করলে বিপাকে পড়েন খামারিরা। অবিক্রীত দুধ স্থানীয় বাজারে নিয়ে পানির দরে বিক্রি করতে বাধ্য হন তাঁরা।খামারিরা জানান, প্রতিষ্ঠানগুলো প্রতি লিটার দুধের দাম ৩৮ থেকে ৪০ টাকা দেয়। এ দামে দুধ বিক্রি করে লাভ হয় না। এর ওপর প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দেওয়ায় এ অঞ্চলের দুগ্ধশিল্পে দেখা দিয়েছে সংকট। এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে হরতাল-অবরোধে। হরতাল-অবরোধে প্রতিষ্ঠানগুলো পরিবহন বন্ধ থাকার অজুহাত দেখিয়ে দুধ কেনা প্রায় বন্ধ করে দেয়। খামারিরা জানান, গতকাল মঙ্গলবারের হরতালসহ চলতি মাসে চার দিন হরতাল ও এক দিন অবরোধ পালিত হয়েছে। এই পাঁচ দিনে দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপক লোকসান হয়েছে। বেড়া-সাঁথিয়ার খামারি ও দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা উদয়ন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি ফজলুল হক বলেন, ‘রাজনীতিকদের কাছে আমাদের আবেদন, এ অঞ্চলের লাখ লাখ মানুষের জীবিকার স্বার্থে দুগ্ধশিল্পকে তাঁরা যেন হরতালমুক্ত রাখেন।’ প্রাণ ডেইরির পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শরিফ উদ্দিন তরফদার জানান, তারা প্রতিদিন প্রায় এক লাখ লিটার দুধ সংগ্রহ করলেও হরতালে গাড়ি বন্ধ থাকে বলে সংগ্রহ কমিয়ে দিতে হয়। তবে বেড়ার আমাইকোলা গ্রামের খামারি আবদুর রউফ জানান, হরতালে দিনের বেলা গাড়ি চলাচল বন্ধ থাকলেও রাতে চলে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো তাই দুধ সংগ্রহ অব্যাহত রেখে রাতে তা পরিবহন করতে পারে। কিন্তু তারা তা না করে হরতালের দিন দুধ সংগ্রহ বন্ধ রাখে। একই গ্রামের দুধ ব্যবসায়ী কাসেদ আলী জানান, অ্যাম্বুলেন্স, সাংবাদিকদের গাড়ি, ওষুধের দোকানসহ অনেক কিছুই হরতালের আওতামুক্ত থাকে। হরতাল আহ্বানকারীদের উচিত জরুরি শিশুখাদ্য ও পচনশীল দ্রব্য হিসেবে দুধবাহিত গাড়িগুলোও হরতালমুক্ত করা।