দুগ্ধশিল্পের উন্নয়ন ও বাজার তৈরির ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুগ্ধশিল্প বাংলাদেশে কৃষির সম্ভাবনাময় একটি খাত। কিন্তু সরকারের সঠিক পরিকল্পনা, জনবল নিয়োগ ও সর্বোপরি উদ্যোগের অভাবে পিছিয়ে রয়েছে এ খাতটি। দুগ্ধ খামারি সমিতির মাধ্যমে দুগ্ধশিল্পের উন্নয়ন, গাভির স্বাস্থ্য, পুষ্টি ও চিকিৎসাসেবা প্রদান এবং দুগ্ধ বাজারকাঠামো তৈরি করে দেশকে দুগ্ধশিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশনের (সিডিভিএফ) ব্যবস্থাপনায় গতকাল শনিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম দুগ্ধবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথি ও গবেষকেরা।‘খাদ্যনিরাপত্তা ও জীবন-জীবিকা উন্নয়নে দুগ্ধশিল্প’ স্লোগান সামনে রেখে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক দুগ্ধ সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ দেশে এখনো প্রতিবছর শত শত কোটি টাকার গুঁড়ো দুধ বা দুগ্ধসামগ্রী আমদানি করা হয়। এতে দুগ্ধশিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন ও ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানি বন্ধ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি খামারিদের মধ্য থেকে সফল তিনজন খামারিকে পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পান শেখ সেলিম হাসান, দ্বিতীয় পুরস্কার পান উদয় শংকর সাহা এবং তৃতীয় পুরস্কার পান শিবুপদ দাস। তাঁদের সবার বাড়িই সাতক্ষীরায়। আজ রোববার এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের উপস্থিত থাকার কথা রয়েছে।