দুঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে তলিয়ে যাওয়া বগুড়া নগরের টিকাপাড়া এলাকা থেকে গতকাল বেলা একটায় ছবিটি তোলা l প্রথম আলো
বৃষ্টিতে তলিয়ে যাওয়া বগুড়া নগরের টিকাপাড়া এলাকা থেকে গতকাল বেলা একটায় ছবিটি তোলা l প্রথম আলো

বগুড়ায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে শহরের ব্যস্ত সড়ক সাতমাথা ছাড়াও সাতমাথাকেন্দ্রিক সব রাস্তায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। বেলা দেড়টার পর বৃষ্টি কমলেও শহরবাসীকে জলাবদ্ধতায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় বিকেল পর্যন্ত।

ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, শহরের সাতমাথাসহ বেশির ভাগ সড়কের দুপাশে নালাগুলোর বেহাল দশা এবং তাতে ময়লা-আবর্জনা জমে থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে না পারায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই ব্যাপক জলাবদ্ধতার জন্য শহরবাসী নাজুক ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন।

শহরের নানা শ্রেণি-পেশার ১৫ জন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এ শহরের পানিনিষ্কাশনব্যবস্থা অত্যন্ত বেহাল। সড়কের পাশে মান্ধাতা আমলের সরু নালাগুলো সংস্কারের উদ্যোগ নেই। এসব নালায় শহরের বড় হোটেলগুলোর ময়লা-আবর্জনা ফেলা হয়। এসব ময়লা-আবর্জনা নালায় আটকে থাকায় স্বাভাবিক সময়েই পানি সরে না। তাই সামান্য বৃষ্টিতেই শহরের সড়কগুলো পানিতে সয়লাব হয়।

বগুড়া আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর শাফিউল কাফি বলেন, গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শহর ঘুরে ১৫ থেকে ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকে আশ্বিনের আকাশ মেঘলা ছিল। বেলা সাড়ে ১১টা থেকে মেঘের গর্জনের সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। দেড়টার পর থেকে বৃষ্টি কিছুটা কমলেও তা শেষ হয় বেলা তিনটার দিকে। তবে বেলা সাড়ে ১১টার পর মুষলধারে বৃষ্টি শুরুর পরপরই শহরের সাতমাথা জিলা স্কুলের পাশে এবং জেলা জাসদ কার্যালয়ের সামনে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতার একই চিত্র ছিল শেরপুর সড়ক, কবি নজরুল ইসলাম সড়ক, কাঁঠালতলা, চকযাদু, গালাপট্টি, পার্করোড, টেম্পল, মেরিনা, স্টেশন সড়ক, আলতাফুন্নেছা খেলার মাঠ, নওয়াবাড়ি সড়ক, শহীদ আবদুল জোব্বার সড়কসহ অন্যান্য সড়কেও।

আলতাফুন্নেছা খেলার মাঠ সড়কে বেলা দুইটার দিকে হাঁটুপানিতে রিকশা ঠেলে যাচ্ছিলেন রিকশাচালক আবদুল বারিক। তিনি বলেন, ‘সকাল থ্যাকে ঝড়ি হচ্চে। দিনের কামাই সব শ্যাষ। শহরের পথঘাট ডুবে গেচে। রাস্তায় রিকশা চলাবার পারিচ্চি না।’

সাতমাথার জলাবদ্ধতার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন পথচারী মোখলেছার রহমান। তিনি বলেন, ‘বগুড়া শহরের প্রাণ এই সাতমাথা। অথচ বছরজুড়েই এখানে জলাবদ্ধতা থাকে। একটু বৃষ্টিতে হাঁটুপানি জমে জেলা জাসদ কার্যালয়ের সামনে। জলাবদ্ধতা তৈরি হয় জিলা স্কুলসংলগ্ন সাতমাথাতেও। সাতমাথাকেিন্দ্রক বগুড়া শহর হলেও এই সাতমাথায়ই পানিনিষ্কাশনের পরিকল্পিত ব্যবস্থা নেই। জাসদ কার্যালয়ের সামনের অংশ অনেক নিচু। একটু বৃষ্টিতে এক হাঁটু পানি জমে এখানে। এখানটা আরও উচুঁ করা দরকার।’

গাজিউল ইসলাম নামের এক পথচারী বলেন, শহরের কবি নজরুল ইসলাম সড়কে সারা বছরই জলাবদ্ধতা থাকে। মাঝে মাঝেই পাশের নালার ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পানি উপচে পড়ে সড়কে। শহরের প্রধান সড়কে এই জলাবদ্ধতা নিরসনে আধুনিক নালাব্যবস্থা গড়ে তোলা দরকার।

বগুড়া পৌরসভা সূত্র জানায়, শহরে প্রায় ৮০০ কিলোমিটার রাস্তা রয়েছে। এসব সড়কের পাশে পানিনিষ্কাশনের যে নালা রয়েছে, তা খুবই সরু। নিয়ম অনুযায়ী শহরের মোট আয়তনের ২৫ শতাংশ সড়ক থাকার কথা থাকলেও বগুড়া পৌরসভায় আয়তনের মাত্র ৭ শতাংশ সড়ক রয়েছে। এসব সড়কের দুই ধারে পানিনিষ্কাশনের পরিকল্পিত নালা থাকার কথা থাকলেও তা নেই।

পৌরসভার ২১টি ওয়ার্ডে মোট নালার দৈর্ঘ্য মাত্র ৭১০ কিলোমিটার। এর মধ্যে ২৭০ কিলোমিটারই কাঁচা। শহরের পুরোনো ১২টি ওয়ার্ডের ড্রেনের প্রশস্ততা মাত্র ২ ফুট। কম প্রশস্ত এই নালাগুলো সারা বছর ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশিত হতে পারে না। তাই সামান্য বৃষ্টিতে নালার ময়লা পানি উপচে শহরে দুর্গন্ধ ছড়ায়। একটু বৃষ্টিতেই নালার পানিতে সড়ক ডুবে একাকার হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের জলাবদ্ধতা থেকে রেহাই পেতে কয়েক শ আবেদন জমা পড়েছে পৌরসভায়। কিন্তু প্রশস্ত নালার জন্য তহবিল আর রাস্তার পাশ ঘেঁষে স্থাপনা গড়ে ওঠায় নালা নির্মাণের জায়গা পাওয়া যাচ্ছে না। তাই প্রশস্ত ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না।

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, শহরের ড্রেনগুলো পরিষ্কার করার কাজ চলছে। এটা শেষ হলে দুর্ভোগ কিছুটা কমবে।

পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে শহরে ৬ কিলোমিটার নতুন নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে বিশ্বব্যাংকের অন্য একটি প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এটা হলে শহরে জলাবদ্ধতা থাকবে না।