দুজন অর্থদাতা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের আসামিবাহী ভ্যানে (প্রিজন ভ্যান) হামলা চালিয়ে জেএমবির সাজাপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অর্থদাতা হিসেবে রাজধানীর উত্তরা ও শ্যামলীর দুই ব্যক্তিকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। এঁদের একজন হুন্ডি ও আরেকজন তৈরি পোশাকের ব্যবসায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। তাঁরা নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার থাকা জাকারিয়া ত্রিশালে হামলার জন্য যানবাহন, অর্থ ও অস্ত্র সংগ্রহের মূল কাজ করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং আরও কিছু সূত্র থেকে তথ্য নিয়ে অর্থদাতা হিসেবে ঢাকার দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।
এ ছাড়া ত্রিশালের ওই হামলায় সরাসরি জড়িত হিসেবে এখন পর্যন্ত ১১ জনের নাম-পরিচয় জানা গেছে বলে ডিবির কর্মকর্তারা দাবি করেন। এঁদের মধ্যে একজন গ্রেপ্তার আছেন। তিনি হলেন ঘটনার দিন গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য জাকারিয়া। বাকি ১০ জনসহ ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি নেতাকে গত ১০ দিনেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবির অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে থাকা কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদেরসহ পলাতক দুই জঙ্গিকে ধরার চেষ্টা চলছে।
গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতা সালাহউদ্দিন ওরফে সালেহীন, হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে ছিনিয়ে নেয় তাঁদের সহযোগীরা। জঙ্গিদের হামলায় পুলিশের এক সদস্য নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। অবশ্য এর কয়েক ঘণ্টা পর হাফেজ মাহমুদকে টাঙ্গাইল পুলিশ আটক করে এবং পরদিন ভোরে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এ ছাড়া সখীপুর থানার সামনে তল্লাশিচৌকিতে অস্ত্র, মাইক্রোবাসসহ ধরা পড়েন জাকারিয়া। একই দিন গ্রেপ্তার হন রায়হান ওরফে রাসেল।
এর বাইরেও ঢাকা মহানগর ডিবি জাকারিয়ার স্ত্রী স্বপ্না বেগম ও তাঁর ভাই মো. ইউসুফকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ জাকারিয়ার শ্বশুরকেও আটক করেছে, তবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। হামলায় ব্যবহূত একটি মাইক্রোবাস কেনাবেচায় জড়িত এক ব্যক্তিকেও (গাড়ির দালাল) জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভালুকা ও ত্রিশালে জঙ্গিদের তিনটি বাসা: ডিবির একাধিক সূত্র জানায়, গ্রেপ্তার থাকা জাকারিয়া জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নেতাদের ছিনিয়ে নিতে ঘটনার কয়েক মাস আগেই ভালুকা ও ত্রিশাল এলাকায় তিনটি বাসা ভাড়া করেছিলেন তাঁরা। পরিকল্পনা ছিল ছিনিয়ে নেওয়া তিন জঙ্গি পৃথকভাবে তিন বাসায় গিয়ে পোশাক পরিবর্তন ও দাড়ি কাটাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে প্রত্যেকে আলাদাভাবে একাই বাসা থেকে বের হয়ে যাবেন। সে অনুযায়ীই কাজ হয়েছে।
ডিবি সূত্র জানায়, ঘটনার দিন সকাল আটটা ৪৭ মিনিটে কারাবন্দী জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের ব্যবহূত মুঠোফোন থেকে একটি খুদে বার্তা (এসএমএস) করা হয় বাইরের একজনের ফোনে। বাংলা ভাষায় সেই এসএমএসে লেখা ছিল, ‘আমরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন তো?’ তদন্তকারীদের ধারণা, ওই এসএমএসের মাধ্যমে বোমা মিজান বাইরে থাকা সহযোগীদের অবস্থান নিতে সংকেত পাঠিয়েছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাকারিয়া জানান, ত্রিশালের ঘটনাস্থলের অদূরে সিডস্টোর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন জেএমবির একজন সদস্য। প্রিজন ভ্যানটি সিডস্টোর অতিক্রম করার পরে ওই সদস্য জাকারিয়ার পাশে গাড়িতে বসে থাকা মানিককে ফোন করে শুধু বলেন, ‘ওকে’। এরপর তাঁরা পুরো দলকে তথ্য দিয়ে দেন আক্রমণের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান নেওয়ার জন্য।
পুলিশ সূত্র আরও জানায়, জিজ্ঞাসাবাদে জাকারিয়া জানিয়েছেন, হামলায় তাঁরা দুটি মাইক্রোবাস, একটি কার ও একটি মোটরসাইকেল ব্যবহার করেছেন। এর মধ্যে দুটি মাইক্রোবাস পুলিশ উদ্ধার করেছে। জাকারিয়া নিজে কালো রঙের একটি টয়োটা ভক্সি মাইক্রোবাস চালিয়ে হামলায় অংশ নেন। জাকারিয়া পুলিশকে আরও জানান, হামলার আগের দিন ২২ ফেব্রুয়ারি ভালুকা এলাকায় তাঁর ভক্সি মাইক্রোবাসটি আটকিয়ে ছিল পুলিশ। উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশ গাড়িটি রিকুইজিশন করতে চেয়েছিল। তখন তিনি পুলিশকে ‘ম্যানেজ’ করে গাড়িটি ছাড়িয়ে নেন।