দুজন আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলায় গ্রেপ্তার করা কাওসার হোসেন খান ও কামাল হোসেন সরদারের আরও চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল কাউসার ও কামালকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান এ দুজনকে আরও সাত দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, কাওসার ও কামাল জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর পূর্ব গোড়ানের ভাড়া বাসায় গত ৭ আগস্ট ব্লগার নীলাদ্রিকে চারজন দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী আশা মনি ওই দিন রাতে খিলগাঁও থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। নীলাদ্রি হত্যায় জড়িত সন্দেহে ২৭ আগস্ট কাউসার ও কামালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করে তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।