দুজন খুন, তিনটি লাশ উদ্ধার
পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার নওগাঁর পোরশা উপজেলায় রানু বেগম (৩০) ও সদর উপজেলায় নার্গিস বেগম (২৫) নামের দুই গৃহবধূ খুন হয়েছেন। এ ছাড়া মহাদেবপুর উপজেলায় মোকারম নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পোরশা উপজেলার পুরল গ্রামের রফিক ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক ও তাঁর পরিবারের লোকজন রানুকে বেদম মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর প্রতিবেশীরা রফিক ও তাঁর বোন জাকিয়া খাতুনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার ও রানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতলের মর্গে পাঠায়। একই দিন সকালে নওগাঁ সদর উপজেলার কানমটকা গ্রামের আলতাফ একই কারণে তাঁর স্ত্রী নার্গিসকে বেদম মারধর করেন। ঘটনাস্থলেই নার্গিস মারা যান। মহাদেবপুর উপজেলার পৈতা গ্রামের কৃষক আবু তালেবের ছেলে মোকারম গত ৩১ মে খেলতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল বেলা ১১টার দিকে গ্রামের পাশের একটি জলাশয়ে মোকারমের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী মাহদেবপুর থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সলঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা ইউনিয়ন পরিষদসংলগ্ন (ইউপি) এলাকায় যানবাহনের চাকায় পিষ্ট অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।