দুজন খুন, নৃত্যশিল্পীসহ দুজনের লাশ উদ্ধার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই দিন কুমিল্লার চান্দিনা উপজেলায় গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিলেট নগরে নৃত্যশিল্পীর ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অজ্ঞাতনামার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও কার্যালয় থেকে পাঠানো খবর:
ময়মনসিংহ: ধোবাউড়া থানার পুলিশ সূত্র জানায়, ধোবাউড়ার ভেদীকুড়া গ্রামের আবদুস সালামের সঙ্গে মোসলেম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গতকাল বেলা দুইটার দিকে সালাম চার সহযোগীকে নিয়ে পুটিমারী বাজারে মোসলেম উদ্দিনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে মোসলেম গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মুক্তাগাছা থানার পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে মুক্তাগাছার জয়দা কামারবাড়ি এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত ঘরের সামনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কুমিল্লা: নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে মন্দিরা দাসের (২১) সঙ্গে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের রিপন দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে কলহ দেখা দেয়। গতকাল দুপুর ১২টার দিকে মন্দিরার শ্বশুর চিত্তরঞ্জন দাস বাড়ি এসে দেখেন গলায় রশি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মন্দিরা ঝুলছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হবে। ঘটনার পর থেকে স্বামী রিপন পলাতক রয়েছেন। চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
সিলেট: নিহত নৃত্যশিল্পী সুবর্ণা সাহার মা মমতা সাহা বলেন, তিনি নগরের কাজলশাহ এলাকার বাসা থেকে গত বুধবার সন্ধ্যার দিকে বড় মেয়ের শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে তিনি সুবর্ণাকে নিজ ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। রাত নয়টার দিকে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। গতকাল কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।