রাজধানীর মিরপুরে স্বর্ণ ব্যবসায়ী মিজানুর রহমান হত্যার ১৫ দিন পর পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। মিরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলার নওহাটা কলেজ মোড় থেকে নাজমুল হক (১৯) ও রিপন সরকার ওরফে লিটনকে (১৭) গ্রেপ্তার করে।মিরপুর অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জসীমউদ্দীন মোল্লা প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া দুই যুবক মিজানুরকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাজমুল ও রিপনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের গ্রামের বাড়ি মোহনপুরের নওহাটায়। জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, রাজশাহী থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর তিনি নওহাটা কলেজে ভর্তি হন। কলেজে যাওয়ার জন্য তাঁর বাবা একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তাঁকে। পড়াশোনা ভালো না লাগায় মোটরসাইকেল বিক্রি করে ওই টাকা নিয়ে রিপনকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় এসে মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ২ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ির ছয়তলায় ভাড়ায় ওঠেন। রিপন সঙ্গে করে তাঁর ফুপুর দুই ভরি ওজনের স্বর্ণের চেইনটি মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকের মসজিদ মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী মিজানুরের কাছে বিক্রি করেন। এরপর থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা হয়।নাজমুল দাবি করেন, তিনি মোটরসাইকেল বিক্রির টাকা ধার দিয়েছিলেন মিজানুরকে। ওই টাকা ফেরত পেতে মিজানুরকে তাঁদের বাসায় নিয়েছিলেন তাঁরা। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা মিজানুরকে শ্বাসরোধে হত্যা করেন। পরে একটি লাগেজ কিনে (বড় ব্যাগ) এর মধ্যে লাশটি ঢোকানো হয়। প্রাইভেট কারে করে বস্তাভর্তি লাশটি পাইকপাড়া ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে তাঁরা পালিয়ে যান।গত ২৫ সেপ্টেম্বর প্রাইভেট কারের যে চালক র্যাবকে ব্যাগভর্তি লাশের খবর দিয়েছিলেন, গতকাল তাঁকে নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ২ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রাইভেট কারের চালক জানান, এই বাড়ি থেকেই ওই দুই যুবক তাঁর গাড়ি ভাড়া নিয়ে ব্যাগভর্তি লাশটি তোলেন। মিরপুর আনসার ক্যাম্পের উল্টো দিকে ডাস্টবিনের কাছে এসে তাঁরা গাড়ি থামাতে বলেন। ব্যাগটি নামিয়ে ডাস্টবিনের পাশে ফেলে ভাড়া দিয়ে সটকে পড়েন। ঘটনাটি তাঁর সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি র্যাবের টহল দলকে জানান। র্যাব পরে মিরপুর থানায় জানায়।