একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনায় গতকাল মঙ্গলবার সকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা শহরের মোক্তারপাড়ার ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ওরফে ননী। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নেত্রকোনা সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওবায়দুর রহমানকে তাঁর তেরিবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এবং আতাউর রহমানকে মোক্তারপাড়ার একটি বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে। তাঁরা একাত্তরে মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তা হত্যা মামলার আসামি। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, মামলার বাদী ও এলাকাবাসী জানান, বদিউজ্জামান মুক্তা হত্যার ঘটনায় তাঁর ভাতিজা আলী রেজা ২০১০ সালের আগস্ট মাসে ওবায়দুল হক ও আতাউর রহমানসহ ১২ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনা আদালতে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধকালে ২৬ রমজান সদর উপজেলার বিরামপুর বাজার থেকে বদিউজ্জামানকে ধরে এনে আসামিরা সারা দিন অমানুষিক নির্যাতন করে। পরদিন ২৭ রমজান (২৯ কার্তিক) মোক্তারপাড়া সেতুর নিচে নিয়ে বদিউজ্জামানকে আসামিরা গুলি করে হত্যা করে। বদিউজ্জামান পেশায় শিক্ষক ছিলেন।
জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ ওবায়দুল ও আতাউরকে গ্রেপ্তার করে। তাঁদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।’
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন।