দুজন গ্রেপ্তার পৌনে দুই লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগরে ব্যস্ত রাস্তায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে গত সোমবার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় পৌনে দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রমজান আলী (৩৯) ও হাসানুর রহমান রুবেল (২৩)।গত ২৯ মার্চ বিকেলে বিজয়নগরে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় ব্লেজ কার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের দুই কর্মী কামাল খান ও মোমেনের পায়ে গুলি করে ছিনতাইকারীরা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।ডিবি সূত্র জানায়, ঘটনার পর থেকে থানা পুলিশের পাশাপাশি বিষয়টি তদন্ত শুরু করে ডিবির ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ দল (দক্ষিণ)। এই দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রমজান আলী ও হাসানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে রাজধানীর সূত্রাপুর থানার গোবিন্দপুর এলাকায় রমজানের বাসা থেকে লুণ্ঠিত টাকার মধ্যে এক লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।