দুজন চালককে হত্যা, ৩ জনের লাশ উদ্ধার
দুই চালককে হত্যার পর তাঁদের মোটরসাইকেল ও অটোবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত রোববার ও গতকাল সোমবার ফরিদপুরের দুটি পৃথক স্থান থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এদিকে পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা থেকে কৃষক, গৃহবধূ, যুবকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: নিহত আদেল হাওলাদার (৩৮) ভাঙ্গা উপজেলার কালমৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের বাসিন্দা। শিবচরের বয়রা ইউনিয়নের শোনেরবাগ গ্রামে তিনি স্ত্রীকে নিয়ে থাকতেন। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তাঁর সংসার চলত। নিহত ব্যক্তি ভাই হাফিজুর জানান, গত ১০ জুন মোটরসাইকেলসহ আদেল নিখোঁজ হন।
শিবচর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিউটন কুমার দত্ত বলেন, আদেলের ব্যবহৃত মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে গত শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে আকরাম সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোরে সালথার আটঘর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এরশাদ মাতুব্বর ও ভাওয়াল ইউনিয়নের দরজাপুরুরা গ্রামের জাফর শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ওই দিন সন্ধ্যায় সালথার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামের একটি বাগানের ভেতর থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আদেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাফর শেখ আমের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে আদেলকে অচেতন করে মোটরসাইকেল ছিনতাই করে বিক্রি করে দেন। পরে কয়েকজন মিলে আদেলকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত বলেন, গতকাল সকালে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী মোহাম্মাদ খাঁর সেতুর পাশে জাকির হোসেনের (২৫) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জাকির ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের আবুল বারির ছেলে। দুই বছর ধরে তিনি ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় দুলাভাই আইয়ুব হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রোববার দুপুরে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। দুর্বৃত্তেরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার সন্ধ্যায় দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমরিয়া গ্রামের বাসিন্দা কৃষক নিখিল হাজরার (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী ও পরিবারের লোকজন জানান, নিখিলের সঙ্গে স্ত্রী স্বর্ণলতা হাজরার কলহ চলছিল। তাঁরা দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন। গত শনিবার স্থানীয়ভাবে সালিসে কলহ মিটিয়ে দেওয়া হলে নিখিল স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। রোববার বেলা ১২টার দিকে নিখিল পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বিকেলে তাঁর মৃত্যু হয়।
নিখিল হাজরার ছেলে সুপ্রদীপ হাজরা (১২) বলে, ‘আমার মা (স্বর্ণলতা) পানির সঙ্গে বিষ মিশিয়ে বাবাকে খেতে দেন। ওই পানি পান করে বাবা অসুস্থ হয়ে পড়েন।’ স্বর্ণলতা হাজরা অভিযোগ অস্বীকার করে বলেন, রোববার সকালে স্বামী তাঁকে মারধর করেন। এরপর তিনি নিজেই ঘরে রাখা বিষ পান করেন।
নাজিরপুর থানার ওসি আবদুল খালেক হাওলাদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা: গতকাল সকাল নয়টায় নগরের লবণচরায় আরাফাত আবাসিক প্রকল্প এলাকার একটি বাসা থেকে রেকসনা বেগমের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রেকসনা ওই এলাকার আবদুল রহিমের স্ত্রী। প্রতিবেশীরা জানান, রেকসনা ও রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। গতকাল সেহ্রির আগেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সকালে এক প্রতিবেশী ওই বাড়িতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা: গতকাল বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার বিনেরপোতা সেতুসংলগ্ন বেতনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।