দুজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত
নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক কিছু দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত।
গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চারজন চিকিৎসককে দেখা যায়।
গত ২৯ জানুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পাঠানো প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ছয়জন চিকিৎসক কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের জানান, দুজন চিকিৎসক দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি জানান, সহকারী সার্জন শেখ মো. আবদুর রহমান ১১ জানুয়ারি পাঁচ দিনের ছুটির আবেদনপত্র রেখে হাতিয়া ছেড়ে যান। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি। প্রায় এক মাস ধরে তিনি অননুমোদিত ছুটিতে রয়েছেন। জুনিয়র কনসালটেন্ট (গাইনি) মো. আবু নাছের ২২ জানুয়ারি সিভিল সার্জনের কার্যালয়ে মাসিক সভায় যোগ দেওয়ার জন্য হাতিয়া ছেড়ে যান। কিন্তু তিনি এখনো কর্মস্থলে যোগ দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা বলেন, চিকিৎসক আবু নাছেরের কোনো খবর তিনি জানেন না।