দুজন চিকিৎসকে চলছে বোদা স্বাস্থ্য কমপ্লেক্স
মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া ১৪ জন সেবিকার মধ্যে আছেন মাত্র সাতজন। এ কারণে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার আলী জানান, হাসপাতালটি বোদা, আটোয়ারী ও ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝামাঝি হওয়ায় রোগীদের চাপ থাকে বেশি। চিকিৎসকের স্বল্পতার কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৪০০ রোগী আসে। অন্তর্বিভাগে রোগী থাকে ৩৫-৪০ জন। ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র থেকে দুই চিকিৎসা সহকারী এনে কোনো রকমে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। কিন্তু মাত্র দুজন চিকিৎসক দিয়ে হাসপাতাল চালানো কোনোমতেই সম্ভব নয়। অস্ত্রোপচারের কক্ষে (ওটি) সব ধরনের যন্ত্রপাতি থাকার পরও শৈল্য চিকিৎসক ও অবেদনবিদের অভাবে খুব সাধারণ অস্ত্রোপচারও করা যাচ্ছে না। জরুরি ভিত্তিতে কনিষ্ঠ পরামর্শক (শৈল্য) ও অবেদনবিদ পদে চিকিৎসক দিলে কোনোমতে হাসপাতালটি চালিয়ে নেওয়া যায়। তবে চিকিৎসক ও সেবিকা থাকলে রোগীদের দুর্ভোগ পোহাতে হতো না।
সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, চিকিৎসক ও সেবিকা সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। শূন্যপদে কর্মচারী নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টারে অনেক রোগীর ভিড়। কনিষ্ঠ বিশেষজ্ঞ (শিশু) রুহুল আমীন রোগী দেখছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার আলী ও দুজন চিকিৎসা সহকারী রোগী দেখছেন। বেলা একটা পর্যন্ত বহির্বিভাগে ২২১ জন রোগী চিকিৎসার জন্য এসেছে। এর মধ্যে পুরুষ ৯১, নারী ৮৭ ও শিশু ৪৩ জন। অন্তর্বিভাগে রোগী ভর্তি আছে ৩৫ জন। এর মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ২০ জন। চার-পাঁচজন রোগীকে বারান্দায় মেঝেতে রাখা হয়েছে।
নারী ওয়ার্ডের বারান্দায় আটোয়ারী উপজেলার চুচুলী গ্রামের পবিজা খাতুনকে (৪০) স্যালাইন দেওয়া হচ্ছে। পাশে বসা তাঁর দেবর খাদেমুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে স্যালাইন না পেয়ে বাইরে থেকে কিনতে হয়েছে। নগরকুমারী গ্রামের মসলিমা (৪০) বলেন, ‘গরিবের তানে হাসপাতাল। হাসপাতালত ভালো ওষুধ দেয় না।’