দুজন জনগণের, একজন দলের ‘আশীর্বাদপুষ্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের তিন নেতার মধ্যে একজন নিজেকে দলের এবং অপর দুজন জনগণের ‘আশীর্বাদপুষ্ট’ বলে দাবি করেছেন।এই তিন প্রার্থী হলেন: রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরফুদ্দীন আহম্মেদ ওরফে ঝন্টু ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ জামান চৌধুরী ওরফে গুঞ্জন। তিনজনই প্রথম আলোকে বলেছেন, তাঁরা কেউই মনোনয়ন প্রত্যাহার করবেন না। জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। তাই আওয়ামী লীগ কাউকে দলীয়ভাবে সমর্থন দেয়নি। তিন প্রার্থীর মধ্যে দলের সমর্থন পেতে সাফিউর রহমান ১২ নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। সাফিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সভানেত্রী আমাকে আশীর্বাদ করেছেন। বলেছেন, “জয়ী হয়ে আসো।” তবে দলের কোনো সমর্থন আমাকে দেওয়া হয়নি।’আরেক প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ এর আগে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান ও সংসদ সদস্য ছিলেন। দাবি করেন, তিনি দলের কাছে কোনো সমর্থন চাননি। জনগণের সমর্থনের কারণে প্রার্থী হয়েছেন। সচেতন নাগরিক কমিটির ব্যানারে তাঁর নির্বাচনী কার্যক্রম চলছে। মেয়র পদে আরেক প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ জামান চৌধুরীও সচেতন নাগরিক সমাজের ব্যানারে তাঁর নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। তাঁর দাবি, তিনি জনগণের চাপে প্রার্থী হয়েছেন। তার ওপর জনগণের আশীর্বাদ আছে। এদিকে গত বৃহস্পতিবার রংপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহানগরের ৩৩টি ওয়ার্ডের বেশ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, যেহেতু সাফিউর রহমান কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে দলের সমর্থন চেয়েছেন এবং অন্য দুই প্রার্থী সমর্থন চাননি, তাই সাফিউরই জেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী।