দুজন টাকা নিয়ে রোগী দেখেন, তিন চিকিৎসক আসেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লায় সরকারি হাসপাতালের দুই চিকিৎসক অফিস চলাকালে বাসায় বসে রোগী দেখেন। তাঁরা রোগীদের কাছ থেকে টাকা নেন। হাসপাতালের অফিসকক্ষে রোগী দেখার সময়ও তাঁরা টাকা নেন বলে অভিযোগ উঠেছে।৩১ শয্যার এই হাসপাতালে আরও তিনজন চিকিৎসক রয়েছেন। তাঁরা হাসপাতালে আসেন না বলে এলাকাবাসী ও হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, দুজন চিকিৎসক ব্যক্তিগত প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন। বাকি তিনজন যোগদানের পর থেকে একরকম অনুপস্থিতই বলা চলে। কোনো প্রয়োজন ছাড়া তিন চিকিৎসককে সচরাচর হাসপাতালে দেখা যায় না। এ অবস্থায় হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়েছে।এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর এই প্রতিবেদক ২০, ২১ ও ২২ মার্চ টানা তিন দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সরেজমিনে হাসপাতালের জরুরি বিভাগসহ চিকিৎসকদের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। চিকিৎসকের অপেক্ষায় কয়েক শ রোগী হাসপাতালের বারান্দায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। সেখানেই রোগীরা চিকিৎসক গিয়াস কামাল চৌধুরী ও হেলাল উদ্দিনের বিরুদ্ধে অফিসকক্ষে বসে টাকার বিনিময়ে রোগী দেখার অভিযোগ করেন।২২ মার্চ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ইয়ারাবাদ গ্রামের সাইফুর রহমান বলেন, ‘দুপুর ১২টা বাজে, অথচ ডাক্তার নাই। হাসপাতালের কর্মচারীরা বলছেন, স্যাররা চেম্বারে বসে রোগী দেখছেন। সেখানে চলে যান।’আক্তার হোসেন নামের ক্ষুব্ধ এক রোগী বলেন, ‘ভাই, ইটা সরকারি হাসপাতাল না বেসরকারি হাসপাতাল! দেখাইলে ৫০ থেকে ১০০ টাকা দেওয়া লাগে। তাইলে সরকারি হাসপাতাল অইয়া আমরার লাভ হইল কিতা?’সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণকান্ত তালুকদার বলেন, ‘গত বুধবার (২১ মার্চ) আমার ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। কর্তব্যরত চিকিৎসক গিয়াস কামাল চৌধুরী আমার কাছে ২০০ টাকা ফি চান। আমি প্রশ্ন তুললে চিকিৎসক আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শুনেছি, হাসপাতালে আসা আরও বেশ কয়েকজন রোগী ফি না দেওয়ায় ওই চিকিৎসক তাঁদের মারধর করেছেন।’২১ মার্চ সকাল ১০টার দিকে হাসপাতালে গিয়ে দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসকের দেখা মেলেনি। দুপুর ১২টার দিকে চিকিৎসকদের আবাসিক ভবনে গিয়ে দেখা যায়, দুই চিকিৎসকের বাসভবনের সামনে শ-খানেক রোগীর ভিড়। দুই চিকিৎসকই রোগী দেখছেন।অফিস চলাকালে প্রাইভেট প্র্যাকটিস করা প্রসঙ্গে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন বলেন, ‘আসলে এই মুহূর্তে জরুরি বিভাগে ডাক্তার গিয়াস কামালের থাকার কথা। আমার ডিউটি পরে। তাই কিছুক্ষণ আগে বাসায় এসেছি। অনেক সময় রোগীরা বাসায় চলে আসেন। তখন রোগীদের বিনা পয়সায় দেখে দিই।’চিকিৎসক গিয়াস কামাল চৌধুরী বলেন, ‘বড় বড় পর্যায়ে দুর্নীতি হচ্ছে। আগে সেটা বন্ধ হোক। এ ধরনের তুচ্ছ ও ছোটখাটো বিষয়ে মাথা ঘামানোর আগে সেসব নিয়ে ভাবুন।’ ফি আদায় করতে রোগীদের মারধর করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা। আমি দুঃখিত।’স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, হাসপাতালটির অপর তিন চিকিৎসক নুসরাত আরা ইউসুফ, নুসরাত আরা পপি ও নূরে আলম নিয়মিত হাসপাতালে না এসেও বেতন-ভাতা তুলছেন। চিকিৎসক নুসরাত আরা ইউসুফের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মাঝেমধ্যে তো হাসপাতালে আসি। সারাক্ষণ তো আর গ্রামে পড়ে থাকা সম্ভব নয়। এটা আপনিও বোঝেন।’ আরেক চিকিৎসক নূরে আলম বলেন, ‘কয়েক দিন আগে ঢাকায় আমার প্রশিক্ষণ ছিল। সেখানে এসে মায়ের অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলে আসি। তাই ছুটি নিতে পারিনি।’ যোগদানের পর থেকে হাসপাতালে অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। অপর চিকিৎসক নুসরাত আরা পপির মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অফিস চলাকালে নিজ কক্ষে বসে কোনো চিকিৎসকের ফি নেওয়ার বিধান নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। এ ছাড়া কোনো চিকিৎসকের দায়িত্বে অবহেলা রয়েছে কি না সেটিও শিগগিরই খতিয়ে দেখব।’