দুজন নারী এগোলে চারজন পুরুষ এগোবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন ও নারীর প্রতি হামলা প্রতিরোধে নারীদেরই এগিয়ে আসতে হবে। প্রতিরোধে যদি দুজন নারী এগিয়ে আসেন, তবে চারজন পুরুষ এগিয়ে আসবেন। এভাবেই শুরু করতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রাইজেসের প্রেসিডেন্ট ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান এ কথা বলেন। ইনার হুইল ক্লাবের দিলকুশা, বেইলি গার্ডেন, ঢাকা প্যারাডাইস ও ঢাকা স্পন্দন শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রোকিয়া আফজাল বলেন, বাংলাদেশের নারীরা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের নারীদের চেয়ে ভালো অবস্থানে আছেন। বিগত কয়েক বছরে মেয়েরা অনেক এগিয়েছে। তাঁর মতে, নারীরা তাঁদের পেশার প্রতি পুরুষদের চেয়ে বেশি আন্তরিক।
ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত সিলেটের খাদিজা বেগমের জন্য ইনার হুইল ক্লাব মানববন্ধন করার উদ্যোগ নিলে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান রোকিয়া আফজাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল জেলা ৩৪৫-এর জাতীয় প্রতিনিধি হোসনে আরা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনার হুইল জেলা চেয়ারম্যান লাভলি বায়েজিদ। অনুষ্ঠানের শুরুতে ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট কল্পনা রহমান, বেইলি গার্ডেনের প্রেসিডেন্ট আজমাতুন্নেসা, ঢাকা প্যারাডাইসের প্রেসিডেন্ট শাহিন আকতার পুতুল ও ঢাকা স্পন্দনের প্রেসিডেন্ট আসিয়া কাউসার মুন্নিকে অতিথিদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।