নারায়ণগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সুমিলপাড়া এলাকায় সাইকেল চালানো শিখছিল প্রান্ত (১০)। এ সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে প্রান্ত মারা যায়। সে ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। পুলিশ ট্রাকচালক মনির হোসেনকে আটক করেছে। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয়নাল আবেদীন (১৯) নামের এক তরুণকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জয়নাল উপজেলার ডহরগাঁও এলাকার সাত্তার আলীর ছেলে। তাঁর এবার গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আহত অপর দুই তরুণ হাসপাতালে ভর্তি রয়েছেন।